আমাদের ভারত, জলপাইগুড়ি, ১১ ডিসেম্বর: টেট পরীক্ষায় পরীক্ষার্থীদের ব্যাগ ও সঙ্গে থাকা বিভিন্ন সরঞ্জাম রাখার ব্যবস্থা ছিল না। বাধ্য হয়ে জলপাইগুড়ির অধিকাংশ কেন্দ্রের পরীক্ষার্থীরা স্থানীয় দোকানে টাকার বিনিময়ে ব্যাগ ও প্রয়োজনীয় সরঞ্জাম রাখলেন। ব্যাগ পাহাড়া দিতে রীতিমতো ব্যবসায়ীরা কুপন বানিয়ে পরীক্ষার্থীদের হাতে তুলে দিলেন। কোথাও দশ টাকা আবার কোথাও কুড়ি-ত্রিশ টাকা নেওয়া হল। অ্যাডমিট কার্ডের পাশাপাশি কুপন হাতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলেন অধিকাংশ পরীক্ষার্থী। পর্ষদের তরফে নিরাপত্তা দিয়ে স্কুলের আলাদা জায়গা ব্যাগ রাখার ব্যবস্থা করলে সকল পরীক্ষার্থীর সুবিধে হত এমনটাই জানালেন পরীক্ষার্থীরা। দোকান থেকে ব্যাগ নিয়ে সমস্যায় কথা তুলে ধরলেন টেট পরীক্ষার্থীরা।
এরপর স্থানীয় ব্যবসায়ীদের অনুরোধ জানান সকলে। অন্যদিকে এক ব্যবসায়ী জানালেন, এক জনের ব্যাগ অন্য জনের কাছে যেন না যায় এই কারণে কুপন দেওয়া হয়। একটি কুপন পরীক্ষার্থীকে দেওয়া হয় আরেকটি কুপন ব্যাগে রাখা হয়। কুপনের নম্বর দেখে ব্যাগ তুলে দেওয়া হয়।
ক্রান্তি থেকে আসা পরীক্ষার্থী পরিতোষ দাস বলেন, “দশ টাকা দিয়ে ব্যাগ রাখলাম। টাকাটা বড় নয়, পর্ষদের তরফে ব্যাগ রাখার জন্য আলাদা ব্যবস্থা করা হলে সকলের সুবিধে হত।”
এদিকে স্থানীয় ব্যবসায়ী রীনা দত্ত বলেন, “স্কুলে ব্যাগ নিয়ে প্রবেশ করতে দেবে না। এই কারণে অনেকে ব্যাগ রাখতে চাইছেন দোকানে। কুপন করে ব্যাগ রাখলাম। সকলে খুশি হয়ে দশ টাকা করে দিয়েছেন।”

