জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ জুন: বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষক নেওয়ার দরকার নেই, মুখ্যমন্ত্রী সব জায়গায় পড়াবেন, তার মতো জ্ঞানী আর কেউ নেই, আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমার অত জ্ঞান নেই, শুধু আমার কেন মোদীজিরও নেই। উনি ছবি আঁকলে কোটি টাকায় বিক্রি হয়, কবিতা লিখলে পুরস্কার পান। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরাতে হুল দিবসের অনুষ্ঠানে এসে এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
এদিন বিজেপির এসটি মোর্চার উদ্যোগে হুল দিবস পালন করা হয়। সেখানেই উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি। এছাড়াও উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তন্ময় দাস, সম্পাদক শুভাশিস ওম, বিধায়ক শীতল কপাট, ডেবরা বিজেপি মধ্য মণ্ডলের সভাপতি গোপাল রাও সহ বিজেপির অন্যান্য নেতা কর্মীরা।
নির্মল মাঝি প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন, নির্মল মাঝিকে অনেকগুলি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বলেই হয়তো উনি ভেবেছিলেন আবার চটি চেটে পরিষ্কার করে দিলে হয়তো সেগুলি ফিরে পাবেন। তবে তার মন্তব্য শুনে মনে হয়েছিল ওনার পেটে কিছু পড়েছিল।

