আমাদের ভারত, ২১ নভেম্বর: উৎসবের আমেজকেও ছুঁয়ে যাচ্ছে রাজনীতি। কেন্দ্রীয় সরকারকে খোঁচা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতার কথায় তাঁর সরকার ছট পুজোয় দু’দিন ছুটি দেয়, যা দিল্লি সরকার দেয় না। এই মন্তব্যকে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, টাকা নেই, তাই ডি এ না দিয়ে ছুটি দেন, যাতে অফিসের খরচ বাঁচে।
তিনি বলেন, পশ্চিমবঙ্গে তো খেলা, মেলা ছাড়া কিছু নেই। ইদ ও ছট পুজোয় ছুটি দেওয়ার প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ডিভাইড এবং রুলে বিশ্বাস করেন। মানুষকে ভাগ করে কীভাবে শাসন করতে হয়, সেটা নিয়েই উনি ভাবেন। ছুটির বিষয়ে চিন্তা করছেন, ক’দিন ছুটি দিয়েছেন তার হিসেব করছেন। কেন্দ্র সরকার কত ডিএ দেয় সেটা তো বলছেন না। কর্মচারীদের কেন্দ্র কত টাকা ডিএ দেয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় ছুটি দিয়ে সেটা পুষিয়ে দিতে চাইছে।”
তাঁর দাবি, মু্খ্যমন্ত্রীকে ডিএটা দিতে হবে। তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তাঁর পরামর্শ, রাজ্য সরকারের চেষ্টা করা উচিত স্কুল, সরকারি দপ্তর যাতে এফিসিয়েন্টলি কাজ করে সে বিষয়ে সচেষ্ট হতে হবে।
এপ্রসঙ্গে নিজের এক্স হ্যান্ডেলে সুকান্ত মজুমদার লিখেছেন, টাকা তো নেই, তাই ডিএ না দিয়ে ছুটি দেন। যাতে করে অফিসের খরচ বাঁচে। দেউলিয়া হয়ে যাওয়া একটা সরকার এভাবেই চলে। যেটা এখন পশ্চিমবঙ্গে চলছে।

