“বাড়িতে খাওয়ার জল ও স্নানের জল নেই,” জলপাইগুড়ি পুরসভায় এসে কান্নায় ভেঙে পড়লেন প্রতিবন্ধী বৃদ্ধা

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৪ আগস্ট: “বাড়িতে খাওয়ার জল নেই। নেই স্নানের জলও। দয়া করে একটু জলের ব্যবস্থা করে দিন,” এই বলে জলপাইগুড়ি পুরসভায় এসে কান্নায় ভেঙে পড়লেন পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের এক প্রতিবন্ধী বৃদ্ধা। নাম আয়নামতি কবিরাজ।

বৃহস্পতিবার দুপুরে পুরসভায় তখন কাজকর্ম চলছে। সেই সময় আয়নামতি হুইল চেয়ারে করে নিজেই পুরসভার আসেন। প্রতিবন্ধী হওয়ায় একা চলাফেলার শক্তি নেই তাঁর। কেউ তাঁর সমস্যার কথা শোনেন না। এই বলে পুরসভা চত্বরে কান্নায় ভেঙে পড়েন তিনি। কান্নার শব্দ শুনে সকলে ছুটে আসেন ওই বৃদ্ধার কাছে এবং সমস্যার কথা শোনেন। আয়নামতিদেবীর দাবি, দীর্ঘদিন থেকেই তিনি পানীয় জলের সমস্যায় ভুগছেন। যেহেতু তিনি প্রতিবন্ধী, এই কারণে দূর থেকে জল আনতে তাঁর কষ্ট হয়। কুয়ো থেকে জল তোলাও তার পক্ষে সম্ভব নয়। নানা সমস্যার মধ্যে দিয়েই তাঁর দিন কাটছে। পুরসভায় সেই সময় উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রমোদ মন্ডল। তিনি আয়নামতি দেবীর সঙ্গে কথা বলেন ও সমস্যার কথা শোনেন। এই বিষয়ে কাউন্সিলর জানান, বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার ব্যবস্থা ওনার জন্য করা হয়েছে। পারিবারিক তার কিছু সমস্যার রয়েছে। বাড়িতে পানীয় জলের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি।

পুরপ্রধান পাপিয়া পাল বলেন, “ওই প্রতিবন্ধী বৃদ্ধার পাশে পুরসভা রয়েছে। এই কারণে ঘর, ভাতা, রেশন, সরকারি সহায়তার ব্যবস্থা করে দেওয়া হয়েছে আগেই। পানীয় জলের জন্য সমস্যায় আছেন বৃদ্ধা উনি জলের ট্যাঙ্কের দাবি জানিয়েছেন। একজনের জন্য জলের ট্যাঙ্ক করা সম্ভব নয়, বিকল্প ব্যবস্থা কিভাবে করা যায় দেখা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *