জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ আগস্ট: রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে রাখি বন্ধন উৎসব পালন করা হয়েছে। কোতয়ালী থানার পুলিশ এদিন পথচলতি মানুষদের হাতে রাখি পরিয়ে মেদিনীপুর শহরের গোলকুঁয়াচকে রাখি বন্ধন উৎসব পালন করে।
উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ, বিধায়ক দীনেন রায়, অজিত মাইতি, জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা। এদিন জেলা ও শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বটতলা চক এলাকায় রাখি বন্ধন কর্মসূচি ও মাস্ক বিতরণ করা হয়। পথ চলতি মানুষকে রাখি পরিয়ে দেয় তৃণমূল কর্মীরা। উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুজয় হাজরা, শহর সভাপতি বিশ্বনাথ পান্ডব সহ অন্যান্য তৃণমূল নেতারা।

অন্যদিকে, এদিন বিজেপির পক্ষ থেকেও রাখি বন্ধন কর্মসূচি পালন করেন রাজ্য বিজেপির সহ সভাপতি ভারতী ঘোষ। আজ সকালে ঘাটাল সাংগঠনিক জেলার উদ্যোগে ঘাটালের গৌরা এবং খড়্গপুর পৌরসভার গোলবাজার এলাকায় বিজেপির পক্ষ থেকে দলমত নির্বিশেষে পথ চলতি সকলকে রাখি পরিয়ে দেন ভারতী ঘোষ। পাশাপাশি দুঃস্থ অসহায়দের তিনি পোশাক বিতরণ করেন।

