আমাদের ভারত, ব্যারাকপুর, ৪ মার্চ: পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে পরিবর্তনের ঝড় বইছে। তৃণমূল কংগ্রেস সরকারের অত্যাচারে বঙ্গবাসী জর্জরিত। এবার বাংলায় পরিবর্তন আসবেই। আগামী ৭ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বড় জনসভা আছে কলকাতার ব্রিগেড ময়দানে। সেখানে দেশের প্রধানমন্ত্রীর বার্তা শুনতে উৎসুক হয়ে আছে বাংলার জনতা। অসংখ্য মানুষ রবিবার ৭ মার্চ ব্রিগেড ময়দানে জমায়েত হবে। আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলায় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হবে। বাংলার সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করে এগিয়ে নিয়ে যাবে ভারতীয় জনতা পার্টির নতুন সরকার।”– বললেন কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই।

আজ উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত জগদ্দলের মাদ্রালে হনুমান মন্দিরে পুজো দিতে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানেই তিনি বলেন, “বাংলায় পরিবর্তন হবেই। মানুষের মধ্যে পরিবর্তনের ঝড় বইছে।” এদিন কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই জগদ্দল বিধানসভা এলাকায় নির্বাচনকে সামনে রেখে বিজেপির হয়ে প্রচার কর্মসূচিতে অংশ নেন।

