আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৭ ডিসেম্বর: জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝার হাটে এক মাঝ বয়সী অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। যদিও স্থানীয়দের অনুমান প্রবল ঠান্ডার কারণেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।
গত দুই দিন থেকে সন্ধ্যার পর থেকে ব্যাপক ঠান্ডা ও কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে জলপাইগুড়িতে।স্থানীয়দের বক্তব্য, গত ৭ দিন থেকে ওই ব্যক্তিকে এলাকায় দেখছেন তারা। তার আসল পরিচয় এবং ঠিকানা জানা না থাকলেও সকলে ভোম্বল বলে ডাকতো। এই ঠান্ডার মধ্যে সে ডেঙ্গুয়াঝার হাটের ভেতরে একটি খোলা জায়গায় দিন ও রাত কাটাতেন। শ্রমিকের কাজ করতো বলেই স্থানীয়রা জানিয়েছে। কোতয়ালি থানার পুলিশকে খবর দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা মতি ওঁরাও বলেন, খোলা জায়গায় থাকতো। কিছুদিন আগে এলাকায় এসেছিল। ঠান্ডার জন্য মারা যেতে পারে। স্থানীয় ব্যবসায়ী দেবতোশ কর বলেন, “আগে দেখা যেত না ওই ব্যক্তিকে। কিছুদিন থেকে হাটে থাকত। দিন মজুরির কাজ করে। আজ সকালে দেখলাম মারা গিয়েছে।”
পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে দাবি পুলিশের।

