‘শিক্ষালয় তৈরির নামে দলীয় ক্যাডার বাহিনী তৈরির পরিকল্পনা চলছে রাজ্যে,’ বালুরঘাটে বিক্ষোভ ছাত্র পরিষদের

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৮ জানুয়ারী: পাড়ায় পাড়ায় শিক্ষালয় তৈরির নামে দলীয় ক্যাডার বাহিনী তৈরি করার পরিকল্পনা চলছে, শুক্রবার এমনই অভিযোগ তুলে বালুরঘাটে আন্দোলনের নামল ছাত্র পরিষদ। এদিন দুপুরে বেশকিছু কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে শহরজুড়ে একটি মিছিল করে জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখান ছাত্র পরিষদের নেতাকর্মীরা। যাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাটে।

বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘ দুই বছর ধরে খুব সূক্ষ্ম পরিকল্পনার মধ্য দিয়ে শিক্ষাব্যবস্থাকে একেবারে বন্ধ করে রাখা হয়েছে। সব কিছু খোলা হয়েছে শুধুমাত্র শিক্ষাব্যবস্থাকে থামিয়ে রাখা হয়েছে একপ্রকার ইচ্ছাকৃত ভাবে। তাই স্কুল গেটগুলির তালা ভেঙ্গে তা অবিলম্বে খোলার জন্য রাস্তায় নেমে তাদের এই আন্দোলন। অবিলম্বে পাড়ায়-পাড়ায় ক্যাডার বাহিনী গড়ার পরিকল্পনা বন্ধ করে সশরীরে সমস্ত ছাত্র-ছাত্রীদের স্কুলে যোগদান করার ব্যবস্থা করুক এই সরকার, তার দাবিতেই এদিন তাদের এই আন্দোলন।

ছাত্র পরিষদ এর তরফে বিশ্বজিৎ চাকী বলেন আগামী ৩১ শে জানুয়ারি রাজ্য ছাত্র পরিষদ বিকাশ ভবন ঘেরাও করবে। শিক্ষালয় তৈরির নামে ক্যাডার বাহিনী তৈরি করার পরিকল্পনা বন্ধ করে স্কুলের তালা না খুললে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *