আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১০ মার্চ: নানা নাটকের দরকার তাই নাটক করতে তিনি পথে নেমেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা প্রসঙ্গে দিল্লিতে এই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
অধীর চৌধুরী বলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর উপর হামলা হচ্ছে কিন্তু পুলিশ থাকছে না, বলছেন কি মুখ্যমন্ত্রী! এটা কি বিশ্বাস যোগ্য? বাংলার মুখ্যমন্ত্রী উপর হামলা হবে পুলিশ থাকবে না? সারা নন্দীগ্রাম পুলিশ নিরাপত্তায় ঘিরে দেওয়া হয়েছে, সিসিটিভি নিরাপত্তা ঘিরে দেওয়া হয়েছে, তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা হচ্ছে আর পুলিশ নেই? যদি বাংলার মুখ্যমন্ত্রী উপর হামলা হয় কিন্তু বাংলার পুলিশ যদি না থাকে তাহলে বাংলার সাধারণ মানুষের জন্য কি পুলিশ থাকবে? এত দিন কী নিরাপত্তা ছিল সেটা মুখ্যমন্ত্রীকে বলতে হবে। মুখ্যমন্ত্রী চাননি নন্দীগ্রামে দাঁড়াতে, কিন্তু ঘটনাক্রমে তিনি সেখানে ফেঁসে গেছেন। জালে ফেঁসে গেছেন। সেই জাল থেকে বেরানো জন্য নানা নাটকের দরকার, তাই নাটক করতে তিনি পথে নেমেছেন। এটা রাজনৈতিক নির্বাচনী ভন্ডামী। এটা দুঃখ দেখিয়ে মানুষের আবেগ কেড়ে নিতে চাইছেন। তাই এই ভন্ডামী করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলে কটাক্ষ করেন অধীর চৌধুরী।

