স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১২ আগস্ট: রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি, নিয়োগ নিয়ে স্বজনপোষণ সহ একাধিক অভিযোগে শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয় অভিযান কর্মসূচি নেয় উত্তর দিনাজপুর জেলা বিজেপি। এরই পরিপ্রেক্ষিতে এদিন শহরের হাসপাতাল রোড চত্বরে ব্যাপক হইহট্টগোলের সূত্রপাত ঘটে।

এদিন দুপুরে রায়গঞ্জের এম জি রোডে অবস্থিত বিজেপির জেলা কার্যালয়ে আন্দোলনকারীরা এসে জমায়েত হয়। তারপর তারা বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য রওনা হলে হাসপাতাল রোডে তাদের পথ আটকায় পুলিশ। এরপর পুলিশি বাধা অতিক্রম করে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য রওনা দিতে গেলে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় শহরজুড়ে।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী, উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার সহ অন্যান্য নেতারা।

