হরিপালে লক্ষ্মীপুজোর শোভাযাত্রা বের করাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা, ধৃত ১৫

আমাদের ভারত, হুগলি, ২২ অক্টোবর: হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষ্যা করে ডিজে বাজিয়ে লক্ষ্মীপুজোর শোভাযাত্রা বের করার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলীর হরিপাল থানার মোসাইমোড় এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোভিডবিধি ও হাইকোর্টের নির্দেশ অনুসারে পুলিশ হরিপালে মিটিং করে জানিয়ে দেয় কোনও শোভাযাত্রা বের করা যাবে না। কিন্তু, ঘটনার দিন হরিপালে মোসাইমোড় এলাকায় একটি পুজো কমিটি সেই নির্দেশ উপেক্ষ্যা করে শোভাযাত্রা বের করার প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌছয় হরিপাল থানার পুলিশ বাহিনী। পুলিশ শোভাযাত্রা বের করতে নিষেধ করে পুজো কমিটিকে। এই ঘটনায় পুজো উদ্যোক্তাদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। সেই বচসা শেষ পর্যন্ত ধস্তাধস্তিতে পরিণত হয়। এই ঘটনায় একাধিক পুলিশ কর্মী আহত হন। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ পালটা লাঠিচার্জ করে বলে অভিযোগ। এই ঘটনায় দুই পক্ষ্যের বেশ কয়েকজন আহত হন। আহতদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর থেকে এলাকা পুরো থমথমে রয়েছে। এরপর পুলিশ ওই এলাকায় ব্যাপক ধর পাকড় শুরু করে। এই ঘটনায় পুলিশ মোট ১৫ জনকে গ্রেফতার করেছেন। শুক্রবার তাদের আদালতে তোলা হলে বিচারক এদের মধ্যে চারজনকে পুলিশ হেপাজতের নির্দেশ দেন। বাকি ১১ জনকে জেল হেপাজতের নির্দেশ দেন।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। ১৫ জনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রনে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *