পুজোর ছুটির সুযোগে চুরি হল তমলুকের পদুমপুর ১ নং গ্রাম পঞ্চায়েত অফিসে

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৮ অক্টোবর : দুর্গা পুজোর জন্য আট অক্টোবর থেকে শুরু হয়েছে ছুটি। পুজোর ছুটিতে বন্ধ সরকারি অফিস-আদালত সবকিছু। আর এই পুজোর ছুটিকে কাজে লাগাল চোরের দল। তালা ভেঙ্গে চুরি করল গ্রাম পঞ্চায়েত অফিস। তমলুক ব্লকের অন্তর্গত পদুমপুর ১ নং গ্রাম পঞ্চায়েত অফিসের জানলা কেটে তালা ভেঙ্গে চুরি করল চোরেরা।

জানা যায়, এদিন অর্থাৎ ১৮ অক্টোবর সোমবার অফিসে অস্থায়ী কর্মচারিরা বিভিন্ন প্রকল্পের কাজ করতে গিয়ে দেখে অফিসের তালা ভাঙ্গা আলমারি ও ড্রয়ার খোলা অবস্থায়। এরপর তমলুক থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে আসে তমলুক থানার পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যায়, অফিসের বিভিন্ন আলমারি ও ড্রয়ার থেকে চুরি গিয়েছে আনুমানিক ৫০ হাজার টাকা সঙ্গে একটি ল্যাপটপ।

গ্রাম পঞ্চায়েত অফিসের প্রধান মানসী দাস জানিয়েছেন, গ্রাম পঞ্চায়েত অফিসের মূল গেট না ভেঙ্গে পেছন দিকের ভূমি রাজস্ব দপ্তরের অফিস সংলগ্ন জানালা ভেঙ্গে গ্রাম পঞ্চায়েত অফিসের ভেতরে ঢোকে চোরের দল। অফিসের ভেতরের দরজার তালা ভেঙ্গে ও প্রতিটি আলমারির তালা ভেঙ্গে চুরি করেছে চোরেরা। একটি ল্যাপটপসহ আনুমানিক ৫০ হাজার টাকা চুরি গিয়েছে। প্রাথমিকভাবে অন্তত তাই ধরা পড়েছে। পরে অবশ্য সমস্তকিছু খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে। অন্য কিছু দরকারি কাগজপত্র চুরি গেছে কি না সেটাও দেখা হচ্ছে। তমলুক থানার পুলিশ সমস্ত দিক তদন্ত করে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *