Theft, Bank, Bankura, ইন্দপুরে দুটি ব্যাঙ্কের কাস্টমার সার্ভিস সেন্টারে চুরির অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২২ জানুয়ারি: ইন্দপুরে দুটি ব্যাঙ্কের কাস্টমার সার্ভিস সেন্টারে চুরির অভিযোগের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এই নিয়ে তিন বার চুরির ঘটনা ঘটল। যার ফলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ বলে তারা মন্তব্য করেন।

বাঁকুড়ার ইন্দপুরের বনকাটা ক্যানেল বীজ মোড়ে পাশাপাশি থাকা দুটি ব্যাঙ্কের কাস্টমার সার্ভিস সেন্টারে বুধবার গভীর রাতে চুরির ঘটনা ঘটে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কাস্টমার সার্ভিস পয়েন্ট ও অনলাইন সেন্টারে চুরির ঘটনার প্রতিবাদে সরব হন স্থানীয়রা। আজ সকালে এলাকার বাসিন্দারা দোকানের জানালার রড ভাঙ্গা অবস্থায় দেখতে পেয়ে দোকানের মালিকদের খবর দেন। এই চুরির খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

দোকান মালিকদের অভিযোগ, বুধবার রাতে দোকান বন্ধ করে তারা বাড়ি ফিরে যান প্রতিদিনের মত। সকালে এসে দেখেন জানালার রড ভেঙ্গে দুষ্কৃতীরা ভেতরে ঢুকে সবকিছু তছনছ করে লুটপাট চালিয়েছে। চোরেরা ব্যাঙ্কের কাজের জন্য ব্যবহৃত দুটি ল্যাপটপ, বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র এবং কয়েক হাজার নগদ টাকা নিয়ে পালিয়েছে বলে অভিযোগ। দোকান মালিকদের দাবি, এই নিয়ে মোট তিনবার চুরির ঘটনা ঘটল। তাদের দাবি, ঘটনার কথা পুলিশকে জানানো হয়েছে। ঘটনাস্থলে এসে ইন্দপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

অন্যদিকে, চুরির ঘটনার জেরে আশপাশের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। এলাকার বাসিন্দারা পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন। ল্যাপটপ চুরি যাওয়ায় ব্যাঙ্কের কাস্টমার সার্ভিস সেন্টারের মালিকরা দুশ্চিন্তায় পড়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *