জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১০ ফেব্রুয়ারি: ফের মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। দরজার তালা ভেঙ্গে কালী ও শিব মন্দির থেকে চুরি গেল গয়ানা ও বাসনপত্র। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার জামবনী থানার চিচড়া গ্রামে।
স্থানীয়দের দাবি, ওই গ্রামের কালী মন্দির এবং তার পাশে থাকা শিবমন্দির, দুটিতেই ভোরের সময় চুরি হয়েছে। এই চুরির বিষয়ে মন্দিরের পুরোহিতের তরফ থেকে জানাগেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও মন্দিরে পুজো দেওয়ার পর তালা লাগিয়ে বাড়ি চলে যান তিনি। বুধবার সকালে খোঁজ পান যে দুটি মন্দিরে চুরি হয়েছে। এই চুরির ঘটনা প্রকাশ্যে আসতে গ্রামের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।
অপরদিকে যিনি মন্দিরের পরিষ্কার-পরিচ্ছন্নতায় দায়িত্বে আছেন তিনি বলেন, “প্রতিদিনের মত আমি মন্দিরে সকালে তালা খুলে পরিষ্কারের জন্য যখন আসি দেখি মন্দিরের তালা খোলা আছে এবং জিনিসপত্র চারিদিকে ছড়ানো ছিটানো অবস্থায় আছে। মায়ের একটিও গয়না এবং বাসনপত্র নেই, তখন গিয়ে গ্রামের সবাইকে ঘটনাটি জানাই এবং সবাই ছুটে আসে”।

মন্দিরের পুরোহিত অশোক ভৌমিক বললেন, এই নিয়ে এই মন্দিরে দুবার চুরি হল। গতবছরও মাঘ মাসে একই সময়ে চুরি হয়েছিল এ বছরও হয়েছে। মায়ের রুপোর মুকুট যার আনুমানিক ওজন ১২ভরি, গলায় সোনার হার, পায়ে রুপোর তোড়া, হাতে চার জোড়া করে বালা এবং বাসন পত্র ও অন্যান্য সামগ্রী সব চুরি গেছে যার আনুমানিক বাজার মূল্য তিন লক্ষ টাকা।
গ্রামের মন্দিরে বার বার চুরি হওয়ার ঘটনায় গ্রামবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং এই চুরির ঘটনায় জামবনি থানার পুলিশ তদন্তে নেমেছে।

