বনগাঁয় একই রাতে পরপর দুটি মন্দিরে চুরি, এলাকায় চাঞ্চল্য

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৫ এপ্রিল: একই রাতে পরপর দুটি মন্দিরের চুরি। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার দেবগড় এলাকার। স্বাভাবিক ভাবেই এই ঘটনার পরে আতঙ্কে ভুগছেন এলাকার সাধারণ মানুষ। সোমবার মধ্যরাতে দুটি মন্দিরেই চুরি হয়েছে এমনটাই অনুমান করছেন এলাকার মানুষ।

এ বিষয়ে দেবগড় এলাকার বাসিন্দা ভক্ত বৈরাগী বলেন, আমাদের বাড়ির বহু পুরনো এই হরিগুরুচাঁদ ঠাকুরের মন্দির। এলাকার সকল মানুষ আসেন এই মন্দিরে পুজো দিতে। আমরা বাড়ির মন্দির বলার আগে বলি এই মন্দিরটি সর্বসাধারণের। আজ সকালে দেখি মন্দিরের একটি জানলা ভাঙ্গা এবং ঠাকুরের কপালে মোট ছটি সোনার টিপ এবং আরেকটি সোনার টিকলি ছিল, সেগুলি নেই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বনগাঁ থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় খুব দ্রুত অপরাধীদের গ্রেফতার করা হবে।

পাশাপাশি অন্য একটি বাড়ির কালী মায়ের মন্দিরেও চুরি হয়। এ বিষয়ে ওই বাড়ির সদস্যা নীলিমা বিশ্বাস বলেন, দেখতে পাই মায়ের সমস্ত গয়না চুরি হয়ে গেছে। সোনার টিপ, সোনার ত্রিনেত্র এবং সোনার টিকলি চুরি হয়ে গেছে। কে বা কারা এই ঘটনা ঘটালো আমরা কিছুই বুঝতে পারছি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *