বেলদার রানীসরাই গ্রাম পঞ্চায়েত অফিসে চুরির ঘটনায় চাঞ্চল্য

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ অক্টোবর:
রাতের অন্ধকারে চুরি হয়ে গেল গ্রাম পঞ্চায়েত অফিসে। ঘটনাটি ঘটেছে বেলদা থানার রানীসরাই গ্রাম পঞ্চায়েত অফিসে।সাতসকালে এলাকাবাসী এবং অঞ্চল কর্মীরা দেখতে পান অঞ্চল অফিসে ঢোকার মুখের মূল গেট অক্ষত অবস্থায় রয়েছে তবে অফিসের ভেতরে থাকা লোহার দরজার চাবি লাগানো অংশ কাটা অবস্থায় পড়ে রয়েছে। ভেতরে বেশ কয়েকটি আলমারি খোলা অবস্থায় ও নথিপত্র ছড়ানো ছিটানো রয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

তবে কে বা কারা কী উদ্দেশ্যে এই চুরি করতে এসেছিল তাই নিয়ে ধন্দে পুলিশ প্রশাসন-সহ অঞ্চল কর্মীরা। কারণ অঞ্চল অফিসে গুরুত্বপূর্ণ নথি ছাড়া সেই অর্থে টাকা পয়সা থাকে না। তবে কি কোনো নথি চুরি করতে এসেছিল চোরেরা? সেই নিয়ে উঠছে প্রশ্ন। আর এই গ্রাম পঞ্চায়েতের চুরির ঘটনা সকালে জানতে পেরে খবর যায় বেলদা থানাতে। পরে ঘটনাস্থলে হাজির হয় বেলদা থানার পুলিশ।ইতিমধ্যে চুরির কারণ এবং অন্যান্য সমস্ত দিক খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *