জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ ডিসেম্বর: শুক্রবার রাতে দাসপুর থানার বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীধরপুর গ্রামে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এদিন গভীর রাতে পরপর তিন ভাইয়ের বাড়িতে তালা ভেঙ্গে টাকা পয়সা, গয়নাগাটি ও দামি জামা কাপড় নিয়ে চম্পট দিয়েছে চোরের দল।

শুক্রবার রাতে ওই তিন ভাইয়ের মধ্যে স্বদেশ মন্ডল ও স্বপন মন্ডল ময়নায় মেয়ের বাড়িতে গিয়েছিলেন। আরেক ভাই চন্দন মন্ডলও বাড়িতে ছিলেন না। প্রতিবেশীরা শনিবার সকালে বাড়ির তালা ভাঙ্গা দেখে ফোনে তাদের খবর দেন। এরপর তিন ভাই বাড়িতে এসে দেখেন চোরেরা তালা ভেঙ্গে গেট খুলে বাড়ির ভেতরকার আসবাবপত্র সব লন্ডভন্ড করে দিয়ে গেছে। আলমারি ভেঙ্গে নগদ টাকা, দামি শাড়ি ও জামা কাপড় নিয়ে গেছে। বিষয়টি দাসপুর থানায় জানানোর পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।


