আমতায় প্রাচীন গোপাল জিউ মন্দিরে চুরি

আমাদের ভারত, হাওড়া, ২১ সেপ্টেম্বর: রাতের অন্ধকারে ৮০০ বছরের প্রাচীন গোপাল জিউ মন্দিরে কষ্টি পাথরের একাধিক বিগ্রহ চুরির ঘটনা ঘটল আমতার পশ্চিম গাজীপুর ভট্টাচার্য পাড়ায়। মন্দির কমিটি সূত্রে খবর, সোমবার রাতে দুষ্কৃতীরা মন্দিরের দরজার তালা ভেঙ্গে কষ্টি পাথরের গোপাল সহ একাধিক বিগ্রহ ও নারায়ণ শিলা চুরি করে নিয়ে গেছে। মন্দির কমিটির দাবি, চুরি হওয়া বিগ্রহের আনুমানিক মূল্য কোটি টাকা। চুরির ঘটনায় মন্দির কমিটির পক্ষ থেকে আমতা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আমতা থানা ঘটনার তদন্ত শুরু করেছে।

পশ্চিম গাজীপুরের ভট্টাচার্য পাড়ার প্রাচীন এই গোপাল জিউ মন্দির বহু ইতিহাসের সাক্ষী। স্থানীয় সূত্রে খবর, মন্দিরে নিত্য পূজা ছাড়াও বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন উৎসব অনুষ্ঠিত হয়। মন্দিরের পুরোহিত কানাই ভট্টাচার্য জানান, সোমবার সন্ধ্যায় মন্দিরে সন্ধ্যা আরতি করার পর মন্দিরে তালা দিয়ে চলে গিয়েছিলাম। প্রতিদিনের মত মঙ্গলবার সকালে মন্দিরে এসে দেখি দরজার তালা উধাও। পরে ভিতরে ঢুকে দেখি ভিতরের সমস্ত বিগ্রহ ও নারায়ণ শিলাও নেই। তিনি জানান, দুষ্কৃতীরা সমস্ত বিগ্রহ নিলেও বাসনপত্র কিছু নেয়নি। তিনি জানান, প্রাচীন এই মন্দিরে এই ধরনের ঘটনা এই প্রথম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *