ঘোষগ্রামে হর্ষবর্ধনের আমলের লক্ষ্মী মন্দিরে চুরি

আশিস মণ্ডল, রামপুরহাট, ২ ডিসেম্বরঃ সন্ধ্যারাতে প্রাচীন লক্ষ্মী মন্দির থেকে চুরি গেল দান বাক্স। দুই দুষ্কৃতী ওই দান বাক্স ভেঙ্গে লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দেয় বলে গ্রাম সূত্রে জানা গিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত চুরির কিনারা করা সম্ভব হয়নি।

চুরির ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার ঘোষ গ্রামের লক্ষ্মী মন্দিরে। ওই গ্রামে মা লক্ষ্মীই আরাধ্যদেবী। কথিত আছে হর্ষবর্ধনের আমলে কামদেব ব্রহ্মচারী নামে এক সাধক ঘোষ গ্রামে লক্ষ্মী মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দিরের গর্ভগৃহে ঢোকার মুখে একটি কাঠ ও কাঁচ দিয়ে তৈরি দান বাক্স ছিল। সেখানে পুন্যার্থীরা তাদের ইচ্ছে মতো অর্থ দান করতেন। তিন – চার মাস অন্তর দান বাক্স খুলে সেই অর্থ মন্দিরের উন্নয়নের জন্য সঞ্চয় করা হত।

বৃহস্পতিবার গ্রামে ছিল নবান্ন উৎসব। ফলে গ্রামবাসীরা সকালের দিকে মা লক্ষ্মীর পুজো করতে নিজেদের মতো করে খাওয়াদাওয়া,আনন্দ করছিল। গ্রামের দুর্গা মন্দিরে তারস্বরে বাজছিল বক্স। এই সুযোগে দুই দুষ্কৃতীরা মন্দিরের পিছন দিয়ে ঢুকে ভারি দানবাক্স তুলে ভোগ ঘরের কাছে নিয়ে যায়। সেখানে পাথরের শিলনোড়া দিয়ে বাক্সের কাঁচ ভেঙ্গে লক্ষাধিক টাকা নিয়ে পালায় দুই দুষ্কৃতী। তবে খুচরো পয়সা তাঁরা নিয়ে যেতে পারেনি। সিসিটিভিতে সেই ছবি ধরা পড়েছে। দুষ্কৃতীদের মধ্যে একজনের মাথা শীতবস্ত্র দিয়ে ঢাকা ছিল। মন্দিরের সম্পাদক আগমন চন্দ্র মণ্ডল মল্লারপুর থানায় চুরির অভিযোগ দায়ের করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *