পুরুলিয়ার হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ হাসপাতালের জানালা ভেঙ্গে চুরি

সাথী দাস, পুরুলিয়া, ২ মে: ফের পুরুলিয়ার হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ হাসপাতালে চুরির ঘটনা ঘটল। রবিবার রাত থেকে সোমবার ভোরের মধ্যেই এই ঘটনাটি ঘটেছে বলে অনুমান পুলিশের।

দেখা গিয়েছে হাসপাতালের কয়েকটি সিলিং ফ্যান ও ফ্যানের ব্লেড উধাও হয়ে যায়। তিন মাস আগেও এখানের জানালা ভেঙ্গে বিভিন্ন মূল্যবান সামগ্রী ও সরঞ্জাম চুরি হয়। এই নিয়ে বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটায় চাপে পড়ে যায় পুরুলিয়া সদর থানার পুলিশ। পুরুলিয়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুলমি এলাকায় এই মেডিক্যাল কলেজ হাসপাতালটি অবস্থিত। পঠন পাঠন বা ইনডোর পরিষেবা না থাকলেও দুবেলা বহিঃর্বিভাগ খোলা থাকে। প্রতিদিন শতাধিক রোগী নিখরচায় চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন।

মেডিক্যাল কলজটি পুনরায় সরকারিভাবে অধিগ্রহণ করে চালু করতে উদ্যোগী হয় রাজ্য সরকার। চলতি বছরের ২৫ মার্চ রাজ্যের স্বাস্থ্য দফতরের আয়ুষ বিভাগ থেকে একটি প্রতিনিধি দল পরিদর্শন করে সেই আশার কথা শুনিয়ে যান। ওই দলে ছিলেন হোমিওপ্যাথি বিভাগের সহকারি নির্দেশক ডা: আশীষ কুমার ঘোষ সহ তিন জন। এছাড়া ছিলেন জেলার মেডিক্যাল অফিসাররা।
পরিকাঠামো থেকে শুরু করে কাগজপত্র দেখে রিপোর্ট জমা করেন প্রতিনিধি দলের সদস্যরা। তারপর থেকে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতাল চালুর আশার আলো দেখছে জেলা পুরুলিয়া। আর এর মধ্যেই লাগাতার চুরি হয়।

মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ও সম্পাদক ডা: মণিন্দ্র জানা বলেন, “কিছু দুষ্কৃতী নির্জনতার সুযোগ নিয়ে রাতে জানালা ভেঙ্গে চুরি করছে। পুলিশের কাছে লিখিতভাবে জানিয়েছি। অভিযোগের ভিত্তিতে পুলিশ সরেজমিনে তদন্ত করে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *