যুবশ্রীরা কাজ চেয়ে চিঠি লিখছেন মুখ্যমন্ত্রীকে 

জে মাহাতো, মেদিনীপুর, ১৪ সেপ্টেম্বর: যুবশ্রী কর্মপ্রার্থীদের উৎসাহ ভাতা চালু করা সহ নিয়োগের দাবিতে রাজ‍্যের মুখ্যমন্ত্রীর বাসভবনের ঠিকানায় চিঠি পাঠাল অল বেঙ্গল ইউথ অ্যসোসিয়েশনের মেদিনীপুর শাখা। সোমবার মেদিনীপুরে কয়েকশো যুবক যুবতী এই মর্মে একটি মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনে এসে বিক্ষোভ দেখায়। 

উল্লেখ্য, বর্তমান রাজ‍্য সরকার ক্ষমতায় আসার পর ২০১২ সালে কর্ম বিনিয়োগ কেন্দ্রে বেকারদের নাম নথিভুক্ত করতে বলে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক নামে একটি পোর্টাল চালু করে। পরে ২০১৩ সালের মার্চ মাসে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, যে সকল কর্মপ্রার্থীরা এমপ্লয়মেন্ট ব‍্যঙ্কে নাম নথিভুক্ত করেছেন ওই ওয়েব পোর্টালের মাধ্যমে তাদের মধ্যে প্রথম এক লক্ষ কর্ম প্রার্থীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে উৎসাহ ভাতা প্রদান করা হবে। এবং একবছরের মধ্যে বিভিন্ন সরকারি দপ্তর থেকে শুরু করে স্কুল, কলেজ, পঞ্চায়েত থেকে স্বাস্থ্য প্রত‍্যেকটি দপ্তরে এই এক লক্ষ কর্মপ্রার্থী যুবশ্রীদের নিয়োগ করা হবে। কিন্তু দীর্ঘ ৭ বছর ধরে রাজ‍্য সরকারের দেওয়া যুবশ্রীদের এই প্রতিশ্রুতি পূরণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 

রাজ‍্য সরকারের দেওয়া এই প্রতিশ্রুতি পুরনের দাবিতে রাজ‍্যজুড়ে বিভিন্ন জেলার যুবশ্রীদের নিয়ে প্রতিটি জেলায় অরাজনৈতিক সংগঠন অল বেঙ্গল ইউথ অ্যসোসিয়েশন গড়ে তুলেছেন কর্মপ্রার্থীরা। অল বেঙ্গল ইউথ অ্যসোসিয়েশনের পশ্চিম মেদিনীপুর শাখার জেলা সভাপতি তথা রাজ‍্যের সাধারণ সম্পাদক গৌরিশঙ্কর করণ জানান, “আমরা একত্রিত হয়ে প্রত‍্যেকটি জেলার জেলা শাসকের দপ্তরে এবং কলকাতায় মুখ্যমন্ত্রীর প্রধান কার্যালয় থেকে শুরু করে প্রত‍্যেকটি প্রশাসনিক সভাতে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে জেলা নেতৃবৃন্দ স্মারকলিপি দিয়েছি। কিন্তু তা সত্ত্বেও কোনও ভ্রুক্ষেপ নেই রাজ‍্য সরকারের। দীর্ঘ ৭ বছর প্রতিক্ষার পর এই কঠিন মহামারি কোভিড ১৯ পরিস্থিতিতে আমরা খুবই দুর্দশাগ্রস্ত। আমরা অনলাইনেও মাননীয় মন্ত্রী মলয় ঘটককে ডেপুটেশন দিয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রত‍্যেকটি জেলা থেকে মুখ্যমন্ত্রীর বাসভবনের ঠিকানায় চিঠি পাঠাবো। সেই কাজ চলছে। আমরা চাই এই সেপ্টেম্বরের মাসের মধ্যে রাজ‍্যের প্রতিটি জেলার জেলা শাসকের দপ্তরে আমাদের আর্তনাদের কথা তুলে ধরতে পত্র প্রদান করবো”। তিনি আরও জানান, এরপরেও যদি সরকার ঠুঁটো জগন্নাথ হয়ে বসে থাকে এবং  আমাদের আর্তনাদের কথা শুনেও সমস্যা সমাধানে এগিয়ে না আসে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে নামব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *