স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১০ ফেব্রুয়ারি: নদিয়ার পলাশী পাড়ায় বাইকের চাবি না দেওয়ায় দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুরুতর জখম হল এক যুবক। ঈশ্বর চন্দ্রপুরের এক যুবককে বাইকের চাবি না দেওয়ায় নিমতলায় গুলি করার অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীদের বিরুদ্ধে।
সূত্রের খবর, গতকাল আনুমানিক রাত আটটা নাগাদ সৌরভ মন্ডল তার পিসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেড়িয়েছিল। অভিযোগ, সেই সময় রাস্তায় যাবার পথে নিমতলা স্কুলের কাছে ৩ জন দুষ্কৃতি তাকে দাঁড় করিয়ে তার গাড়ির চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। গাড়ির চাবি না দেওয়ায় দুষ্কৃতিরা তাকে গুলি করে রাস্তায় ফেলে বাইক নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ।
পুলিশ খবর পেয়ে ওই যুবককে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে কলকাতার নীলরতন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পলাশীপাড়া থানার পুলিশ।

