কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ মে: রবিবার সকাল দশটা নাগাদ মেদিনীপুর শহরে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশের গায়ে হাত তোলার অভিযোগ উঠল সিআইএসএফ জনের বিরুদ্ধে। ইতিমধ্যেই উক্ত যুবককে আটক করেছে কতোয়ালি থানার পুলিশ।
জানা গিয়েছে, মেদিনীপুর শহরের বিডিও অফিসের দিকে যাচ্ছিলেন ওই যুবক। রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের সময় হঠাৎই ট্রাফিক পুলিশের সাথে ঝামেলায় জড়িয়ে পড়েন ওই সিআইএসএফ জাওয়ান। কর্তব্যরত ট্রাফিক পুলিশ তার কাগজপত্র দেখতে চাইলে তিনি কাগজপত্র দেখান। পরিশেষে ট্রাফিক পুলিশ মোটর বাইকের চাবি নিতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারপর মারধর করেন বলে অভিযোগ করেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ।
পরবর্তীকালে জানা যায়, তিনি একজন কেন্দ্রীয় বাহিনীর জাওয়ান। ঘটনাস্থলে পৌঁছান মেদিনীপুর কোতোয়ালী থানার পুলিশ, সেখান থেকে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

