আমাদের ভারত, ব্যারাকপুর, ১৬ আগস্ট: নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করলো বছর ২৩ এর এক যুবক। এই ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে জগদ্দলের কাউগাছিতে।
দীপক পাসওয়ান নামে ওই যুবক গারুলিয়ার এক মোষ খাটালে কাজ করতেন। জগদ্দলের কাউগাছি অম্বিকা পল্লীর বাসিন্দা দীপক সোমবার দুপুরে নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিল। সেই সময় দীপকের মা আভাবতী দেবী ছেলের ঘর থেকে বিকট শব্দ পান। তিনি ঘরে ঢুকে দেখেন দীপক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার মাথা দিয়ে রক্ত বের হচ্ছে। সেই সময় তিনি প্রতিবেশীদের খবর দেন। প্রতিবেশীরা ছুটে এসে দীপককে উদ্ধার করে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যায়।সেখানে তার অবস্থার অবনতি হলে সেখান থেকে দীপককে কল্যাণীর জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
আভাবতি দেবীর অভিযোগ, জিতু নামে দীপকের কোনও বন্ধু এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে। তবে দীপক কোথা থেকে বন্দুক পেল কেন সে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করলো তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। পুরো ঘটনার তদন্ত তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ।

