আমাদের ভারত, ১৯ নভেম্বর: হালাল লেখা পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি হল উত্তরপ্রদেশ সরকারের। ইসলামে যেসব পণ্য ব্যবহার বা খাবারের অনুমতি রয়েছে তাকেই প্রধানত বলা হয় হালাল খাবার বা পণ্য। সেই ধরনের পণ্য এবার বিক্রি নিষিদ্ধ করল যোগী আদিত্যনাথ সরকার। কিছু তেল, সাবান, টুথপেস্টের মত পণ্য হালাল সার্টিফাইড বলে বিক্রি করা হয় উত্তরপ্রদেশ সহ গোটা দেশে। শনিবার একটি বিজ্ঞপ্তি জারি করে সেই হালাল পণ্য বিক্রি নিষিদ্ধ করল উত্তরপ্রদেশ সরকার।
হালাল পণ্য বিক্রির বিরুদ্ধে সম্প্রতি একটি এফআইআর দায়ের করা হয় লক্ষ্মৌ পুলিশ কমিশনারেটে। অভিযোগ উঠেছে, হালাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, জমিয়েত উলেমা এ হিন্দ, হালাল ট্রাস্ট, হালাল কাউন্সিল অফ ইন্ডিয়া সহ একাধিক সংগঠনের বিরুদ্ধে। এসব সংগঠনের বিরুদ্ধে ৮ ধারায় অভিযোগ দায়ের হয়।
শৈলেন শর্মা নামে এক ব্যক্তি ওই এফআইআর দায়ের করেন। তাঁর অভিযোগ, ওইসব সংগঠনের কোনো অধিকার নেই কোনো পণ্যকে হালাল সার্টিফিকেট দেওয়ার। এরা বিশেষ এক ধর্মের মানুষকে বিশেষ পণ্য বিক্রির ব্যাপারে উৎসাহ দিচ্ছে। ওই সব সার্টিফিকেট দিয়ে তারা টাকা কামাচ্ছে। এর মধ্যে গভীর ষড়যন্ত্র রয়েছে। ওই টাকা ব্যবহার করা হচ্ছে দেশবিরোধী কার্যকলাপেও।
উত্তর প্রদেশ সরকারের এক মুখপাত্র বলেন, ওইসব পণ্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। হালাল সার্টিফিকেট দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। আর এর থেকে হওয়া আয় দেশ বিরোধী কার্যকলাপের ব্যবহার করা হচ্ছে। এর ফলে দেশের বিভিন্ন কোম্পানির ক্ষতি হচ্ছে।

