ব্যারাকপুর শিল্পাঞ্চল স্বাভাবিক, বনধ উপেক্ষা করে উৎপাদন প্রক্রিয়ায় অংশ নিলেন শ্রমিকরা

আমাদের ভারত, ব্যারাকপুর, ১২ ফেব্রুয়ারি:
উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চলের কলকারখানায় ও জুটমিলে বামেদের ডাকা বনধের কোনও প্রভাব পড়ল না। ব্যারাকপুর শিল্পাঞ্চলের সব কটি জুটমিলের উৎপাদন প্রক্রিয়া অন্যান্য দিনের মতোই সমান তালে চলছে। শ্রমিকদের উপস্থিতির হারও অন্যান্য দিনের মতোই আছে।

শুক্রবার ভোর ৬ টায় সকলের মর্নিং শিফট শুরু হয়েছে কলকারখানাগুলিতে। শ্রমিকরা কাজে যোগ দিতে এসে জানিয়েছেন, “বনধ করে সমস্যার সমাধান হয় না। তাই বনধ করলে দৈনিক রুজি রুটি বন্ধ হয়ে যাবে, বনধকে সমর্থন করি না।” বামেদের ডাকা বনধে বাম কর্মী সমর্থকরা রাস্তায় নামলেও শ্রমিকরা এদিন কাজে যোগ দিয়ে বামেদের বনধকে তারা যে সমর্থন করছেন না, তা বুঝিয়ে দিয়েছেন।

বৃহস্পতিবার নবান্ন অভিযানে পুলিশের বিরুদ্ধে নির্মমভাবে লাঠি চার্জ এর অভিযোগ এনে সেই ঘটনার প্রতিবাদে বামেরা শুক্রবার ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দেয়। বামেরা সেই বনধকে সফল করতে সকাল থেকেই রাস্তায় নেমেছে। সিপিএম, ফরোয়ার্ড ব্লক সেই বনধ সফল করতে শুক্রবার সকালে বারাসাত চাপাডালি মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায়। দ্রুত সেখানে বারাসাত থানার পুলিশ গিয়ে বনধ সমর্থকদের হঠিয়ে দেয়।

কামারহাটির বাম কংগ্রেস কর্মীরা জোটবদ্ধ হয়ে মিছিল করে বেলঘড়িয়া স্টেশনে এসে রেল অবরোধ করে। যদিও রেল পুলিশ ও বেলঘড়িয়া থানার পুলিশের চেষ্টায় অবরোধ উঠে যায়, দীর্ঘক্ষণ হয়নি অবরোধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *