আমাদের ভারত, পূর্ব বর্ধমান, ৭ মার্চ: আসছে হোলি, চারদিকে রং’য়ের উৎসব। কিন্তু এই রং’য়ের ভয়েই অনেকে ভীত। কারোর বিষাক্ত রং থেকে চামড়ায় সংক্রমণের আশঙ্কা, কারোর আবার আবিরের রুক্ষ দানায় ত্বক ছিঁড়ে যাওয়ার ভয়। আর সেসব থেকে মুক্তির উপায় এবার বাতলে দিচ্ছে কিছু গ্রাম্য মহিলা। তাদের উদ্যোগেই জৈব জিনিস বিট গাজর কিংবা গাঁধা ফুল বা গোলাপের পাঁপড়ি থেকে তৈরী হচ্ছে ভেষজ আবির। যা পৌঁছে যাবে বাজারে মাত্র ১৬০ টাকা প্রতি কেজিতে। পূর্ব বর্ধমানের মেমারির পাল্লারোড পল্লিমঙ্গল সমিতির তরফে প্রশিক্ষণ দিয়ে স্থানীয় এলাকার ৪টি মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে আবির বানানো শেখানো হয়েছে। পল্লিমঙ্গলের তরফেই সেই আবির বাজারজাত ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

প্রশিক্ষণ নেওয়া সঞ্চিতা পাল বা নীলাঞ্জনা
বারিকরা বলছেন, প্রথমে ভেবেছিলাম শুধু বাড়িতে ব্যবহারের জন্যই আবির বানাবো এখান থেকে প্রশিক্ষণ নিয়ে কিন্তু পরে এটা বাণিজ্যিক ভাবে উৎপাদন আমাদের আর্থিক আনূকূল্য ও স্ব-নির্ভরের সুযোগ দিচ্ছে। যারা এই প্রশিক্ষণ ও বাজারজাত করার ব্যবস্থা করেছেন, গ্রামীণ অর্থনীতির উন্নতি নিয়ে কাজ করা সেই পাল্লা রোড পল্লিমঙ্গল সমিতির তরফে সন্দীপন সরকার জানাচ্ছেন এই কাজে যেমন ৪টি গ্রুপের মহিলারা কাজের সুযোগ পাবেন তেমনই সাধারণ মানুষ কম পয়সায় সুষম আবির হাতে পাচ্ছেন, এটা সবরকম ভাবে নিরাপদ ও উৎকৃষ্ট মানের, সংস্থার তরফে জেলা স্তরের নানা আধিকারিকের কাছে এই আবির উপহার হিসাবেও পাঠানো হচ্ছে।


