ঘাটালে মদের ভাটি ভাঙ্গলো মহিলারা

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ অক্টোবর: সংসার বাঁচাতে গ্রামের মহিলারা একজোট হয়ে ভেঙ্গে ফেলল মদের ভাটি। সোমবার প্রায় ৫০ জন মহিলা লাঠি হাতে রাতভর অভিযান চালিয়ে ভেঙ্গে দেয় একের পর এক মদের ঠেক।

অভিযোগ, ঘাটাল ব্লকের মনসুকা, উত্তর খড়্গপুর ও পাশাপাশি গ্রামগুলিতে রাত বাড়লেই শুরু হয় চোলাই মদের কারবার। দীর্ঘদিন ধরে একাধিক ঠেকে প্রতিনিয়ত মদের আড্ডা বসে। গ্রামগুলিতে ধীরে ধীরে মাতালের পরিবেশ তৈরি হওয়ায় গরিব মধ্যবিত্ত পরিবারের পুরুষদের পাশাপাশি নেশায় আচ্ছন্ন হচ্ছিল এলাকার অল্প বয়সী যুবকরাও। ফলে এলাকায় অশান্তি লেগেই ছিল। অধিক রাতে মদের ঠেকগুলি থেকে বাড়ি ফেরা গৃহকর্তাদের সঙ্গে তাদের স্ত্রী ও পরিবারের ঝগড়াঝাঁটি ছিল নিত্যদিনের ঘটনা। তাই তাদের পরিবার ও এলাকায় শান্তি ফিরিয়ে আনতে চোলাই মদের ঠেকগুলি ভেঙ্গে ফেললেন মহিলারা। 

সোমবার রাতে বৃষ্টি উপেক্ষা করে নিজেদের সংসার বাঁচাতে মহিলারা একজোট হয়ে লাঠি হাতে চোলাই কারবারিদের আটকে রেখে রাতভর অভিযান চালিয়ে তারা চোলাই মদের একাধিক ঠেক ভেঙ্গে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *