পুরুলিয়ার কোটশিলায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু মহিলার

সাথী দাস, পুরুলিয়া, ৯ জুলাই: দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে কোটশিলা থানার কুড়িয়াম গ্রামে। মৃতার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য দাবি জানান গ্রামবাসীরা।

স্থানীয় ভাবে জানা গিয়েছে, গতকাল রাতে কল্যাণী ওরফে জবা(৪৭) চ্যাটার্জি বাড়িতে রান্না করছিলেন। সেই সময় আচমকা বাড়ির একাংশ তাঁর শরীরের উপর ভেঙ্গে পড়ে। ঘটনাটি জানতে পেরে ছুটে আসেন প্রতিবেশী ও গ্রামের অন্যান্য মানুষ জন। চাপা পড়া ওই মহিলার দেহ উদ্ধারের চেষ্টা চালান তাঁরা। খবর পেয়ে ঘটনা স্থলে পৌছায় কোটশিলা থানার পুলিশ। গ্রামবাসীর চেষ্টায় উদ্ধার হয় ওই মহিলার দেহ। দেহটি উদ্ধার করে আজ ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ।

ওই কাঁচা বাড়িতে স্বামী ও স্ত্রী থাকতেন। মৃতার স্বামী চিত্তরঞ্জন চ্যাটার্জি জানান, “আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা পেয়েছি সেটাতে ছেলের পরিবার থাকে। তাই আমরা এই কাঁচা বাড়িতেই থাকতাম। সামান্য বৃষ্টিতেই ভেঙ্গে পড়ল দেওয়াল তাই এই ঘটনা।”

গ্রামের বাসিন্দা রাজপাল মাহাতো, বিজয় গোস্বামীরা বলেন, “অসহায় দরিদ্র ওই পরিবারের পাশে থাকুক প্রশাসন। মৃতার স্বামীকে আর্থিক ক্ষতিপূরণের দাবিও জানাচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *