জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ সেপ্টেম্বর: মঙ্গলবার রাত থেকে টানা বৃষ্টিপাতের দুর্যোগে চন্দ্রকোনায় দেওয়াল চাপা পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। এক টানা ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে পুরনো মাটির বাড়ির দেওয়ালে ধ্বস নামে। বুধবার সকালে চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের করঞ্জি গ্রামে ঘটনাটি ঘটেছে।

মৃত মহিলার নাম প্রতিমা বাগ (৩৭)। তাদের পুরনো মাটির বাড়ির পাশেই রয়েছে গোয়াল ঘর। সকালে ঝড়ো হাওয়া এবং বৃষ্টির মধ্যেই গবাদি পশুদের খাবার দিতে গিয়েছিলেন প্রতিমা দেবী। সেই সময় গোয়াল ঘরের দেওয়াল ভেঙ্গে এই বিপত্তি ঘটে বলে জানা গেছে। পাড়া প্রতিবেশীরা ভাঙ্গা দেওয়ালের নিচে চাপা পড়ে যাওয়া প্রতিমা দেবীকে সঙ্গে সঙ্গে উদ্ধার করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

