সাথী দাস, পুরুলিয়া, ১৯ মার্চ: ঝালদায় নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর মৃত্যুর ঘটনায় তার স্ত্রী পূর্ণিমা কান্দু আজ জেলা আদালতের বিচারকের কাছে গোপন জবানবন্দি দিলেন। এই খুনের ঘটনার তদন্ত করছেন সিটের সদস্যরা। আজ জেলা আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নম্বর কোর্টের বিচারক পূর্ণিমা কান্দুর গোপন জবানবন্দি নেন। খুনের ঘটনায় নিহত তপন কান্দুর পরিবারের পক্ষ থেকে জেলা পুলিশ সুপারের কাছে গত ১৬ মার্চ একটি লিখিত চিঠি দিয়ে বিচারকের কাছে গোপন জবানবন্দি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই মতো আজ জেলা আদালতের বিচারকের কাছে গোপন জবানবন্দি দেওয়ার ব্যবস্থা করেন সিটের সদস্যরা। যদিও তাঁরা এই ব্যাপারে কিছুই বলতে চাননি।

আজ সকালের দিকে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে তাকে ঝালদা থেকে পুরুলিয়া নিয়ে আসা হয়। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট থার্ড কোর্ট সেরিং ছোড়েন-এর কাছে ১৬৪ ধারায় গোপন জবানবন্দি দেন নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমাদেবী। সেখানে জবানবন্দি দেবার পর পুলিশের গাড়িতেই তাকে আবার ঝালদায় নিয়ে যাওয়া হয়। এদিন আদালতে এলেও গোপন জবানবন্দি নিয়ে কোনো কথা বলতে চাননি পূর্ণিমাদেবী। তিনি শুধু বলেন, কথা বলার মতো মানসিকতা তার নেই।

