পানিহাটির নিহত কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রীকে পুলিশের তরফে দেওয়া হল নিরাপত্তারক্ষী

আমাদের ভারত, ব্যারাকপুর, ২১ মার্চ: পানিহাটির কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঘটনায় নিরাপত্তার স্বার্থে কাউন্সিলরের স্ত্রীকে নিরাপত্তারক্ষী দেওয়া হল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। সোমবার বিকেল থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে পানিহাটির নিহত কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্তকে নিরাপত্তার কারণে একজন নিরাপত্তারক্ষী সব সময়ের জন্য তার সাথে দেওয়া হল এবং তার পাশাপাশি যেহেতু এলাকায় মানুষজনকে বিভিন্ন রকম হুমকির সম্মুখীন হতে হচ্ছে এই বিষয়টির কথা মাথায় রেখেই তাকে এই নিরাপত্তা দেওয়া হলো বলে খবর।

প্রসঙ্গত, অনুপম দত্তের খুনিদের দ্রুত গ্রেফতার করে ফাঁসি দিতে হবে এই দাবিতে গণ স্বাক্ষর গ্রহণ করা চলছিল। অভিযোগ, সেই সময় স্থানীয় মতাঙ্গিনি ক্লাবের এক কর্তা মৃত্যুঞ্জয় রায়ের বাড়িতে এক যুবক জল খাওয়ার নাম করে ঢোকে।তারপর ওই বাড়ির লোকেদের অনুপম দত্তের খুনের মূল অভিযুক্ত বাপির ভাই প্রসেনজিতের নাম করে ভয় দেখায়। পাড়ার সকলে অনুপম দত্তের খুনিদের দ্রুত শাস্তির দাবি করছেন বলেই এই ধরনের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। আর তাই
অনুপমবাবুর স্ত্রীকে পুলিশি নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এই বিষয়ে অনুপম বাবুর স্ত্রী বলেন, “আমি কোনো নিরাপত্তার কথা বলিনি, কিন্তু আমাদের বিধায়ক নির্মল ঘোষ আমাদের এখানে যা চলছে সেই দিকে তাকিয়ে আর আমার মন শক্ত করার জন্য এই নিরাপত্তার ব্যবস্থা করেছে। আমি আর আমার এলাকার মানুষ সকলেই আতঙ্কে রয়েছি। কারণ ধৃত বাপি পণ্ডিতের ভাই প্রসেনজিৎ পণ্ডিত বাড়ি বাড়ি লোক পাঠিয়ে ভয় দেখাচ্ছে।”

তবে কাউন্সিলরের প্রকাশ্যে খুনের ঘটনার পর এই ধরনের ভয় দেখানোর ঘটনা সামনে আসতেই আরো তৎপর হয়েছে পুলিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *