আমাদের ভারত, ব্যারাকপুর, ৩ জুন: পথ কুকুরদের সেবা করতে গিয়ে আক্রান্ত পশুপ্রেমীর স্ত্রী। কুকুরদের খাওয়াতে গিয়ে প্রতিবেশীদের হাতে মহিলার আক্রান্ত হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ভাটপাড়া থানার অন্তর্গত মাদ্রাল দুই নম্বর দুর্গানগর এলাকায়।
গত আট বছর ধরে পথ কুকুরদের দুবেলা অন্ন জোগাচ্ছেন বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ৫২ বছরের সঞ্জয় বিশ্বাস। তার স্ত্রী সুজাতা বিশ্বাসও বাড়ির বেড়াল-কুকুরদের যত্ন নেবার পাশাপাশি এলাকার কুকুরদের দেখভাল করেন। সঞ্জয় বাবুর অভিযোগ, অন্যান্য দিনের মতোই গত পয়লা জুন রাতে তার স্ত্রী সুজাতা পথ কুকুরদের খাবার দিচ্ছিলেন। তখন তাদের প্রতিবেশী দুই পরিবারের সঙ্গে পাড়ার কুকুরদের খেতে দেওয়া নিয়ে সুজাতা দেবীর তর্কাতর্কি হয়। ক্রমেই এই বচসা হাতাহাতিতে চলে যায়। তখনই তারা স্ত্রীকে মারধর করে। ওইদিন রাতেই সঞ্জয়বাবু ও তাঁর স্ত্রী এই গোটা ঘটনা জানিয়ে ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু এখনও পর্যন্ত ভাটপাড়া থানা থেকে কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ।
এই গোটা ঘটনা সম্পর্কে আক্রান্ত সুজাতা দেবী বলেন, “রোজ কুকুরদের খেতে দিলেই পাশের বাড়ির সন্দীপ দে ও তার স্ত্রী গণ্ডগোল করে। এরপর তাদের সাথে আমার প্রতিবেশী শ্যামল বিশ্বাস মিলিত হয়। আর কুকুরদের খেতে দিই বলে আমাকে ধরে মারধর করতে থাকে। আমার ফোন কেরে নেয়। এরপর আমি স্থানীয় কাউন্সিলরে ভাইপোর সাহায্যে আমি ওদের হাত থেকে বেঁচে থানায় যাই আর এদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করি। তবে পুলিশ এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।”

