আমাদের ভারত, ২৭ আগস্ট: রাজ্যব্যাপী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষাকর্মী নিগ্রহের ঘটনায় উদ্বেগ প্রকাশ করল পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
শনিবার সভাপতি শুভোদয় দাশগুপ্ত ও সাধারণ সম্পাদক কেশব ভট্টাচার্য অভিযোগ করেন, গত বৃহস্পতিবার (২৫-০৮-২০২২) সামাজিক মাধ্যমে একটি পোস্ট ফরোয়ার্ড করার জন্য রাজ্যে ক্ষমতাসীন রাজনৈতিক দলের একদল দুর্বৃত্ত গোবরডাঙ্গা হিন্দু কলেজের বি.এড শাখার এক অধ্যাপকবন্ধুকে কলেজের মধ্যে যেভাবে শারীরিক ও মানসিকভাবে নিগৃহীত করেছে, আমরা সংগাঠনিকভাবে দ্ব্যর্থহীন ভাষায় এই ঘৃণ্য অপরাধের তীব্র নিন্দা করছি।
এই ঘটনায় অধ্যক্ষ সহ পরিচালন সমিতির সভাপতির কার্যত নিষ্ক্রিয় ভূমিকায় সমিতি উদ্বিগ্ন। বহিরাগতদের এই আক্রমণে কলেজ ক্যাম্পাসে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সমিতির পক্ষ থেকে আমরা প্রশাসনের হস্তক্ষেপের পাশাপাশি দ্রুত দোষীদের চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
একই ঘটনার পুনরাবৃত্তি গতকাল (২৬-০৮-২০২২) ধ্রুবতাদ হালদার কলেজে ঘটেছে। কলেজের ভিতর ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র নামধারী একদল বহিরাগত রাজনৈতিক কর্মসূচির পোস্টার আটকালে অধ্যক্ষের নির্দেশে এক শিক্ষাকর্মী ওই পোস্টার সরিয়ে দিতে এসে দুর্বৃত্তদের হাতে শারীরিকভাবে নিগৃহীত হন। অধ্যক্ষ এবং এক অধ্যাপক শিক্ষাকর্মীকে উদ্ধার করতে এলে তাঁরাও নিগ্রহের শিকার হন। অধ্যাপক সমিতি দ্ব্যর্থহীন ভাষায় এই আক্রমণের নিন্দা করার পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

