আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩ অক্টোবর: টানা কয়েকদিনের বৃষ্টির জন্য পর পর দু’দিন ঝাড়খন্ডের গালুডি ব্যারেজ থেকে জল ছাড়ায় ফুলে ফেঁপে উঠল সুবর্ণরেখা নদীর জলস্তর। নদীর জল বাড়ায় নদীর তীরে নজরদারি শুরু করল ঝাড়গ্ৰাম জেলার প্রতিটি নদী তীরবর্তী ব্লক প্রশাসন। ইতিমধ্যে নদীতে নৌকা পারাপার থেকে শুরু করে নদীতে স্নান ও মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিতান্ত প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে নদীর জলে নামতে নিষেধ করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। মাইকিং করে সচেতন করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে।

জানা গিয়েছে, ধারাবাহিক বৃষ্টির কারণে গতকাল অর্থাৎ সোমবার ৯২ হাজার কিউসেক এবং মঙ্গলবার সকাল ৮ টার সময় ফের ১ লক্ষ ২০ হাজার কিউসেক জল ছেড়েছে ঝাড়খন্ডের গালুডি ব্যারেজ। স্বাভাবিক ভাবেই গালুডি ব্যারেজ জল ছাড়ায় ফুলে ফেঁপে উঠেছে সুবর্ণরেখা নদীর জল। জল বাড়ায় ঝাড়গ্ৰাম জেলার গোপীবল্লভপুর ১ এবং ২, সাঁকরাইল ও নয়াগ্ৰাম ব্লক প্রশাসন নদী তীরবর্তী এলাকায় নজরদারি শুরু করেছে। প্রতি মুহূর্তে নদীর জলস্ফীতি পর্যবেক্ষণ করছেন ব্লক প্রশাসনের কর্মীরা।

এবিষয়ে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্র বলেন, “মঙ্গলবার সকালে প্রায় ১ লক্ষ ২০ হাজার কিউসেক জল ছেড়েছে গালুডি ব্যারেজ কর্তৃপক্ষ। নদীর জল বিপদ সীমার ২ মিটার নীচ দিয়ে বইছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে প্রতি নিয়ত নজরদারি চলছে প্রশাসনের তরফ থেকে”।


