রাণী রাসমণির কাছারি বাড়িতে নির্মীয়মান প্রাচীর ভেঙ্গে যাওয়ায় চাঞ্চল্য নবদ্বীপে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২১ মার্চ: রাতের অন্ধকারে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী হামলায় ভেঙ্গে গেল নদিয়ার নবদ্বীপ উডবার্ন রোড সংলগ্ন এলাকার প্রাচীন ঐতিহ্যবাহী রানী রাসমণির কাছারি বাড়ির নির্মীয়মান একটি প্রাচীর। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে। সোমবার সকালে ঘটনাটি জানাজানি হতেই ওই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর কাছারি বাড়ি কর্তৃপক্ষ মারফত খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নবদ্বীপ থানার পুলিশ।

জানাগেছে, উন্নয়নমূলক কাজের জন্য কাছারি বাড়িতে নির্মাণকাজ চলছিল। তারই পরিপ্রেক্ষিতে সোমবার সকালে নির্মীয়মান একটি প্রাচীর ভাঙ্গা অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেয় কাছারিবাড়ির দায়িত্বপ্রাপ্ত সদস্যরা। অভিযোগ, প্রতিদিনের মতো এই দিনও রাত দশটা পর্যন্ত নিরাপত্তারক্ষী দায়িত্বে বহাল ছিল কাছারিবাড়িতে। কিন্তু ডিউটি শেষ করে সে চলে যাওয়ার পর রাতের অন্ধকারে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা নির্মীয়মান প্রাচীরটি ভেঙ্গে ফেলতে পারে বলে অভিযোগ কাছারিবাড়ি কর্তৃপক্ষের। অভিযোগের ভিত্তিতে সম্পূর্ণ বিষয়টির তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *