প্রশাসনের দিকে আঙ্গুল তুলে বেপরোয়া বালির গাড়ি আটক করলেন গ্রামবাসীরা 

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ জুন: বালির গাড়ির দৌরাত্ম্য যেন কোন মতেই থামছে না কেশিয়াড়ি এলাকায়। জেলা তথা জেলার বাইরে থেকে আসা বালির গাড়ি সুবর্ণরেখা নদী থেকে বালি নিতে যাওয়া কিংবা বালি নিয়ে ফেরার পথে দিনের পর দিন ঘটিয়ে চলেছে নানা অঘটন। যার শিকার হচ্ছেন এলাকার সাধারণ মানুষ। বেপরোয়া বালির গাড়ির দৌরাত্ম্যে কয়েক জনের মৃত্যু হয়েছে। এবার বালির গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক গৃহস্থের চারটি ছাগলের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে কেশিয়াড়ির হাতিগেড়িয়া বিট অফিসের কাছাকাছি।

জানা গেছে, শুক্রবার দুপুর নাগাদ একটি বালির গাড়ি হাতিগেড়িয়া থেকে কুলটিকরির দিকে আসার সময় ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারটি ছাগলের। স্থানীয়দের দাবি, চারটি ছাগলই ছিল খাশি। যার বাজার মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা। ঘটনার পর উত্তেজিত মানুষজন  হাতিগেড়িয়া রাস্তা অবরোধ করে ক্ষোভ উগরে দেন প্রশাসনের বিরুদ্ধে। এলাকায় বালির গাড়ির বেপরোয়া এবং অবৈধ চলাচলের জন্য প্রশাসনের দিকে আঙ্গুল তোলেন স্থানীয়রা। প্রশাসনের মদতেই দিনের পর দিন জনস্বার্থের বিষয়টিকে অবহেলা করে বালির গাড়ি চলছে বলে অভিযোগ। তবে স্থানীয় মানুষ এবং পুলিশ প্রশাসন কিছুটা দূরে বালির গাড়িটিকে আটক করেছে বলে জানাগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *