আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৬ ডিসেম্বর: গরিব পরিবারের পাকা বাড়ি নেই, এরপরেও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পায়নি গ্রামবাসী। এলাকায় তৃণমূল নেতা জলপাইগুড়ি পাতকাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানকে জানিয়ে কোনও কাজ হয়নি বলে অভিযোগ। বাধ্য হয়ে সোমবার কোতোয়ালি থানার দ্বারস্থ হয়ে অভিযোগ করলেন গ্রামবাসীদের একাংশ।
শহর লাগোয়া পাতকাটা গ্রাম পঞ্চায়েতের ভান্ডিপাড়া গ্রাম। এই গ্রামের ১১টি পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের তালিকায় নাম উঠেছে। সকলের বাড়ি পাকা ও চা বাগানের মালিক। এরা কেউই আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য না বলে দাবি গ্রামবাসীদের।
সঠিক পরিবার যাদের ঘরের প্রয়োজন তাঁদের ঘর দেওয়ার দাবি তুলে থানায় বিক্ষোভ দেখিয়ে দাবিপত্র অভিযোগ আকারে জমা করলেন গ্রামবাসীরা। ঘর বিলি প্রক্রিয়ায় দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্তের দাবি উঠল। শুধু তাই নয়, প্রশাসনের প্রতিনিধিরা গ্রামে গিয়ে সরজমিনে খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক সেই দাবি উঠেছে।
গ্রামবাসী মর্জিনা খাতুন বলেন, “সব কাগজ পত্র জমা নিয়েছে আমার বাড়ির কিন্তু ঘর পাইনি। যাদের পাকা বাড়ি সঙ্গে চা বাগান আছে তারা ঘর পেয়েছেন। প্রধান ও উপপ্রধানকে জানিয়ে লাভ নেই। এই কারণে থানায় অভিযোগ করলাম।” এদিকে থানা সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

