সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩০ সেপ্টেম্বর: মধ্যযুগীয় বর্বরতা। প্রেমিকার কারণে প্রেমিক আত্মহত্যা করেছে সেই সন্দেহে গৃহবধূকে গাছে বেঁধে চুল কেটে নেওয়ার অভিযোগ গ্রামবাসীর বিরুদ্ধে। মৃতের নাম সুজয় মজুমদার(২৬)। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা এলাকায়।
এলাকার এক গৃহবধূর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল প্রতিবেশী সুজয় মজুমদারের। বৃহস্পতিবার ভোররাতে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে সুজয়। ওই গৃহবধূর কারণেই সে আত্মহত্যা করেছে এমন সন্দেহে এদিন সকালে মহিলাকে এলাকাবাসীরা গাছে বেঁধে রেখে চুল কেটে নিয়ে মারধর করে, পরিয়ে দেয় জুতোর মালাও।

স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, ওই গৃহবধূর সঙ্গে এলাকার একাধিক ছেলের সম্পর্ক ছিল। প্রায় ৬-৭ বছর সুজয়ের সঙ্গে সম্পর্ক ছিল। এদিন সকালে এলাকাবাসীরা দেখতে পায় বড়ার রেল গেট এলাকায় লাইনের উপরে সুজয়ের মৃতদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে সুজয় দেহ উদ্ধার করে রেল পুলিশ। এই খবর এলাকায় চাউর হতেই স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাদের দাবি, ওই গৃহবধূর জন্যই সুজয় আত্মহত্যা করেছে। ক্ষিপ্ত গ্রামবাসী গৃহবধূকে বাড়ি থেকে নিয়ে এসে পাড়ার মোড়ে একটি গাছের সঙ্গে বেধে রেখে তার চুল কেটে দেয়, এরপর তাঁকে মারধর করা হয় এবং তার গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ এসে গৃহবধূকে উদ্ধার করে। স্থানীয়রা গৃহবধূ শাস্তির দাবি তুলে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

