অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৩ মার্চ:
পানীয় জলের দাবিতে মঙ্গলবার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের লোহামালিয়া গ্রামের বাসিন্দারা ৯ নম্বর রাজ্য সড়ক অবরোধ করল। এখনো পুরো শুখা মরসুম শুরু হয়নি। তবুও ইতিমধ্যে লোহামালিয়া গ্রামে যে কয়েকটি পানীয় জলের কল কিংবা কুঁয়ো ছিল তা শুকিয়ে গেছে। ফলস্বরূপ গ্রামের মানুষদের পানীয় জলের জন্য নির্ভর করতে হচ্ছে গ্রাম থেকে অনেকটা দুরে ধান চাষের জমিতে ব্যবহার করা নলকুপের জলের উপর।
গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসন সবকিছু যেনেও সঠিক সময়ে ব্যবস্থা না নেওয়ায় আজ এই পরিনতি। তাই অতিষ্ঠ হয়ে এই ভোটের সময় প্রশাসন থেকে রাজনৈতিক দলের টনক নড়াতে সোমবার সকাল থেকে লোহামালিয়া গ্রামের মহিলা, পুরুষ সবাই মিলে গোপীবল্লভপুর থেকে নয়াগ্ৰাম যাওয়ার ৯ নম্বর রাজ্য সড়ক অবরোধ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে রাজ্য সড়ক থেকে অবরোধ উঠলেও গ্রামীণ রাস্তা অবরোধ করেন। প্রায় দু ঘন্টা অবরোধ চলে।পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।
স্থানীয় মানুষজন এই ভোটের মুহূর্তে কোনও একটি বিশেষ দলের উপর দায় চাপাতে চাইছেন না। কারণ রাজ্যে শাসক তৃণমূল থাকলেও এলাকার পঞ্চায়েত সমিতির ক্ষমতা দখল করে রয়েছে বিজেপি তাই অভিযোগ, সমস্যা মেটানোর প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় এলেও প্রায় তিন বছর ধরে কোনও পদক্ষেপ করেনি। তাই রাজনৈতিক দলের উপর ভরসা না করে নিজেরাই পথে নামলেন লোহামালিয়া গ্রামের মানুষজন।
গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্র’র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, লোহামালিয়া গ্রামে যে সব নলকূপগুলি ছিল ইতিমধ্যে সেই সব নলকুপের জল শুকিয়ে যাওয়ার কারণে সমস্যা তৈরি হয়েছে। সদ্য একটি নতুন প্রকল্পের ওয়ার্ক অর্ডার বের হলেও ভোট ঘোষণা হওয়ায় কাজ করা যায়নি। কিন্তু সমস্যার গুরুত্ব বিবেচনা করে জরুরি ভিত্তিতে পুরোনো কলগুলো সারাই করে পানীয় জলের ব্যবস্থা করা হবে।

