সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৫ আগস্ট: বিদ্যুৎবাহী ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে এক যুবকের মৃত্যুতে উত্তপ্ত হয়ে উঠল মেজিয়া থানার অর্ধগ্ৰাম পানসিং ডাঙ্গা। বুধবার রাত ৯ টা নাগাদ বিদ্যুতিক লাইনের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক যুবকের। বিদ্যুৎ দপ্তরের উদাসীনতায় মৃত্যুর অভিযোগে বৃহস্পতিবার সকাল থেকে স্থানীয় বাসিন্দারা বিদ্যুৎ দপ্তরের কর্তাদের ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম সঞ্জয় বাউরি (২৭)। গ্রামের প্রান্তের একটি পুকুরের উপর দিয়ে ১১ হাজার ভোল্টের ট্রান্স মিশন লাইন গেছে। এই বিদ্যুৎবাহী লাইন বহু পুরনো। রক্ষণাবেক্ষণ ঠিকমতো হয় না বলে স্থানীয়দের অভিযোগ। পুকুরের জলে বিদ্যুৎবাহী তার ছিঁড়ে পড়েছিল। গ্রামের বাসিন্দা রাজু মন্ডল বলেন, সঞ্জয় বাউরি দিন মজুরের কাজ করেন। কর্মস্থল থেকে ফিরে তিনি ওই পুকুরে স্নান করতে গিয়েছিলেন। জলে নামতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ঠ হন। এই ঘটনা দেখে আরও দু’জন জলে না নেমে গ্রামে এসে সকলকে ঘটনার কথা জানান। বাসিন্দারা বিদ্যুৎ দফতর খবর দিলে ওই লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলে বাসিন্দারা ওই যুবককে নিয়ে মেজিয়া স্বাস্থ্য কেন্দ্রে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার সকালে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ।

