পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৯ জুলাই: অক্টোবর থেকেই বালুরঘাটে শুরু হতে চলেছে বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন। অঙ্ক, ইংরাজী ও রাষ্ট্রবিজ্ঞান তিনটি বিষয় নিয়ে বালুরঘাট কোয়েড কলেজের ভবনেই শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা। সোমবার বালুরঘাট কলেজের
অধ্যক্ষকে পাশে বসিয়ে এক সাংবাদিক বৈঠক করে এমনটাই জানান দক্ষিণ দিনাজপুর জেলা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সঞ্চারি রায় মুখার্জি।
তিনি বলেন, অক্টোবরের প্রথম থেকেই শুরু হতে চলেছে এই বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন প্রক্রিয়া। করোনা বিধি মেনে প্রথমে অনলাইনে শুরু হলেও পরবর্তীতে সরকারি নির্দেশিকা অনুযায়ী অফলাইন করা হবে। তবে এই বিশ্ববিদ্যালয় যে বালুরঘাটের মাহিনগড়েই হচ্ছে তাও এদিন নিশ্চিত করেছেন তিনি। তার কথায় বিশ্ববিদ্যালয়ের জমির কাগজপত্র ইতিমধ্যে ডেপুটি সেক্রেটারি হায়ার এডুকেশনের তরফে স্থানান্তরিত করা হয়েছে। দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক আয়েষা রানীর তৎপরতায় সেই কাগজ ইতিমধ্যে তাদের হাতেও এসে পৌছেছে। আগামীতে পিডাব্লুডি এবং হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের সাথে বেশকিছু মিটিং করেই স্থির করা হবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও প্রশাসনিক ভবন সংক্রান্ত বিষয় বলেও জানিয়েছেন ভাইস চ্যান্সেলর। তবে এই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসাবে বালুরঘাট কলেজের অধ্যক্ষ পঙ্কজ কুন্ডুই যে থাকছেন এদিন সেটাও নিশ্চিত করেছেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সঞ্চারি রায় মুখার্জি বলেন, প্রথমে অক্টোবর থেকে বালুরঘাট কলেজের কিছু ঘর নিয়েই শুরু হচ্ছে পঠন পাঠন। তিনটি বিষয়ে ২৫টি করে আসন থাকছে ছাত্র ছাত্রীদের জন্য। যা পরবর্তীতে বাড়ানো হবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডাব্লু ডট ডি ডি ইউনিভার্সিটি ডট ইন খুললেই যাবতীয় তথ্য পাবে ছাত্র ছাত্রীরা।

