পুজোর মুখে পুরকর তুলতে গিয়ে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৩০ আগস্ট: পুজোর মুখে পুরকর তুলতে এলাকায় গিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়লেন পুরসভার ভাইস চেয়ারম্যান। মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাট শহরে।

বিগত ৫ বছর বালুরঘাট পুরসভা চালিয়েও বিভিন্ন ওয়ার্ডে বকেয়া পুরকর তুলতে একপ্রকার ব্যর্থ হয়েছে তৃণমূল পরিচালিত পুরবোর্ড। ফলে পুজোর আগে সেই পুর কর তুলতে একপ্রকার মরিয়া হয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করে পুর কর্তৃপক্ষ। এদিন সেই হিসাবেই নবগঠিত বোর্ডের ভাইস চেয়ারম্যান ও পুরকর্মীদের সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন ওয়ার্ডে বকেয়া পুরকর আদায় অভিযানে যেতেই ক্ষোভের মুখে পড়েন বাসিন্দাদের। শুধু তাই নয়, ভাইস চেয়ারম্যানকে পুরকর শোধ না করার ক্ষেত্রে পুরকর্তৃপক্ষের নানা উদাসীনতা সহ পরিষেবা সঠিক না পাওয়ার নালিশও এদিন বাসিন্দাদের মুখ থেকে শুনতে হয়েছে। যা নিয়ে কার্যত অস্বস্তিতে পড়তেও দেখা গেছে এদিন খোদ ভাইস চেয়ারম্যানকে। যাকে ঘিরে জোর আলোড়ন তৈরি হয়েছে গোটা বালুরঘাট শহরজুড়ে।

পুরসভা সুত্রের খবর অনুযায়ী, শহরের ২৫ টি এলাকার এমন বহু নাগরিক আছে যারা পনেরো থেকে কুড়ি বছর ধরে পৌরসভার কোনো ট্যাক্সই দেননি। যাদের এর আগেই পৌরসভার পক্ষ থেকে চিঠির মাধ্যমে তাদের জানানো হয়েছে।বহু বছর ধরে বকেয়া রাখা এলাকায় এদিন পৌরসভার ট্যাক্স ডিপার্টমেন্ট গিয়ে ওই সমস্ত পৌর নাগরিকদের অতি দ্রুত পৌর ট্যাক্স পরিশোধ করার কথা বলতেই কার্যত বিক্ষোভের মধ্যে পড়েন খোদ ভাইস চেয়ারম্যান সহ পুরকর্মীরা।

যদিও ক্ষোভ বিক্ষোভের কথা মানতে চাননি পুরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তি। ক্যামেরার সামনে এব্যাপারে কিছু বলতেও চাননি তিনি। তিনি শুধু জানিয়েছেন, বিগত বহু বছরের পুরকর আদায়ে পুরকর্মীদের নিয়ে তিনি শহরে ঝাঁপিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *