সাথী দাস, পুরুলিয়া, ২০ আগস্ট: মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানেও দাগ কাটলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। অনুষ্ঠানের শুরুতেই শিক্ষাঙ্গনে র্যাগিংয়ের প্রতিবাদ জানিয়ে এবং মৃত স্বপ্নদীপের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয় আয়োজকদের পক্ষ থেকে।
জেলার একটি জনপ্রিয় সামাজিক সংস্থা “উত্তরায়ণ এক নতুন দিশা” অন্যান্য বছরগুলোর মতো এবারেও মাধ্যমিক উত্তীর্ণ দুঃস্থ অথচ মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করল। রবিবার পুরুলিয়া শহরের এমএম হাইস্কুলে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে জেলার বিভিন্ন প্রান্তের দুঃস্থ এবং মেধাবী ১৫ জন ছাত্র -ছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়। বিশেষ সম্মাননা দেওয়া হয় জেলায় মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী মৌসুমী দত্তকে।
এছাড়াও এই মঞ্চ থেকে দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। একটি ব্রতীন দেওঘরিয়া সম্পাদিত রহস্য-রোমাঞ্চ, গোয়েন্দা, ভৌতিক, অতিপ্রাকৃত গল্পের সংকলন “আটচালা ২” এবং আরেকটি হলো ধনঞ্জয় মাহাতর ‘গল্প হলেও সত্যি বটে’। এছাড়াও এই মঞ্চ থেকে ‘আটচালা সাহিত্য সম্মান:২০২৩’ প্রদান করা হয় বিশিষ্ট সাহিত্যিক বিপ্লব গঙ্গোপাধ্যায়, প্রাবন্ধিক ভাস্কর বাগচী ও ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক মৃণাল কান্তি মন্ডলকে। প্রকাশিত বইয়ের নির্যাস নিয়ে আলোচনা, এছাড়াও জেলার বিভিন্ন কবিদের নিয়ে কবিতা পাঠ হয়। পরিবেশ দূষণ মুক্ত করে সবুজায়ণের লক্ষ্য নিয়ে বৃক্ষ রোপণ করা হয় এম. এম. হাইস্কুল প্রাঙ্গণে।
সংস্থার সম্পাদক ড: ব্রতীন দেওঘরিয়া জানান, “জেলার ছেলে মেয়েদের পড়ার প্রতি উৎসাহ বাড়াতেই এই বৃত্তি প্রদান। সাহিত্য চর্চার প্রসারের জন্য আজ দুটি গ্রন্থের মোড়ক উন্মোচনের পাশাপাশি কবিতা পাঠের আয়োজন করা হয়। তবে সামাজিক বিভিন্ন কাজ কর্ম প্রাধান্য দিই আমরা। আমাদের যাঁরা সহযোগিতা করেছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার সহ সভাপতি ড: দিলীপ বন্দোপাধ্যায়, সদস্য জয়তী দেওঘরিয়া, দুলাল রজক, চঞ্চল ঘোষ, দয়ামায় রায়, ভাস্কর বাগচী, সাহিত্যিক নেপাল চৌধুরী, রথুলাল মুখোপাধ্যায়, হারাধন ব্যানার্জি, মানস দরিপা, কাকলী দরিপা, শ্যামল কিশোর তেওয়ারি সহ অনেক গুনীজন। আজকের অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে উত্তরায়ণের সদস্য হলেন প্রাক্তন প্রবীণ শিক্ষক তথা সাহিত্যিক উদয় শঙ্কর দে।

