আটা কারখানার মধ্যেই শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য শান্তিপুরে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৭ মে: কারখানায় এক আটা শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য।২৭ বছর বয়সী অনিল সাহানিকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। নদিয়ার শান্তিপুর থানার কন্দখোলা ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন একটি আটা কারখানার ঘটনা।

জানাগেছে, এক মাস আগে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে আটা কারখানায় কাজ করতে এসেছিল অনিল সাহানি নামে ২৭ বছর বয়সী এক যুবক। প্রতিদিনের মতো সে রাতে কারখানার ঘরেই শুয়েছিল। সকালে দীর্ঘক্ষণ ডাকাডাকি করে কোনো সাড়া না মেলায় অবশেষে তাকে হাসপাতালে নিয়ে যায় কারখানার অন্যান্য কর্মীরা। এরপরই চিকিৎসার পর ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

কারখানা কর্তৃপক্ষের দাবি, অতিরিক্ত মদ্যপান করেছিল সে। মদ্যপান করার পর দীর্ঘক্ষণ বাথরুমের ভেতরে শুয়েছিল। তার সঙ্গীরা পরবর্তীকালে তাকে তুলে এনে ঘরে শুইয়ে দেয়। আরো জানা যায়, ভোর তিনটের সময় সে জল খেয়েছিল। কিন্তু ভোরবেলা ডাকাডাকি করে কোনো সাড়া না মেলায় সন্দেহ হয় তাদের। এরপর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। তাদের অনুমান হার্ট অ্যাটাক করে মারা গেছে ওই যুবক। এর পাশাপাশি তারা অভিযোগ তোলে কারখানা সংলগ্ন রাস্তার পাশে একাধিক দোকানে বেআইনিভাবে প্রতিনিয়ত মদ বিক্রি হয়। শুধু তাই নয় প্রশাসনের নজর এড়িয়ে রমরমিয়ে চলে মধুচক্রের আসর। সেই কারণেই কারখানায় আসা শ্রমিকরা মহিলা আসক্ত হয়ে পড়ছে। যদিও মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় শান্তিপুর থানার পুলিশ। কিভাবে ওই যুবকের মৃত্যু হল ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে তা স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *