আমাদের ভারত, ৩ জুন: ধর্মীয় স্বাধীনতা ক্ষুন্ন হচ্ছে ভারতে। এহেন মার্কিন রিপোর্টের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দিল ভারত। বরং এই পাল্টায় ভারত আমেরিকাকে মনে করিয়ে দিয়েছে তাদের জাতিগত হিংসা ও একাধিক বন্দুকবাজের হানার কথা।
গত বৃহস্পতিবার আমেরিকা স্টেট ডিপার্টমেন্টের তরফে আন্তর্জাতিক ক্ষেত্রে ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশিত হয়। সেখানে ভারত সম্পর্কে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এনে নেতিবাচক মন্তব্য করা হয়। রিপোর্টের কথা তুলে ভারতকে আক্রমণ করেন আমেরিকার বিদেশ সচিব এন্টনি ব্লিনকিং। কিন্তু সেই বক্তব্যকে নস্যাৎ করে নয়াদিল্লি বলেছে রিপোর্টে দেখা তথ্য ভুল। আমেরিকাকে পাল্টা দিয়ে ভারত বন্দুকবাজের হানা প্রসঙ্গ টেনে খোঁচা দিয়েছে।
ভারতকে নিশানা করে ব্লিনকিং বলেন, ভারতের ধর্মস্থানগুলি আক্রান্ত হচ্ছে। এই হামলার পরিমাণ দিন দিন বাড়ছে। তারপরই প্রকাশ করা হয় ধর্মীয় স্বাধীনতার রিপোর্ট। সেখানেও একই কথা বলা হয়। আরেক মার্কিন আধিকারিক বলেছেন, ভারতীয় আধিকারিকরা ইচ্ছাকৃতভাবে হামলা থেকে মুখ ফিরিয়ে থাকেন।
কিন্তু এই কথার তীব্র প্রতিবাদ করে শুক্রবার বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করা হয়। বলা হয় সম্পূর্ণ ভুল তথ্যের ওপর ভিত্তি করে রিপোর্ট তৈরি করা হয়েছে। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ভোট ব্যাঙ্কের রাজনীতির ব্যবহার করা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে। এটা অত্যন্ত দুঃখজনক। ভুল তথ্য এবং পক্ষপাত দুষ্ট মতামতের উপর ভিত্তি করে এই ধরনের রিপোর্ট তৈরি করা উচিত নয়। এই রিপোর্ট এড়িয়ে যাওয়া উচিত। ধর্মীয় সংস্কৃতি এবং মানবাধিকার রক্ষায় যথেষ্ট উদ্যোগী ভারত।
এরপরই আমেরিকাকে পাল্টা দেয় ভারত। সাম্প্রতিককালে বারবার বন্দুকবাজের হানায় আক্রান্ত হয়েছে মার্কিন মুলুক। সেই কথা টেনে খোঁচা দেয় ভারতীয় বিদেশমন্ত্রক। বলা হয় আমেরিকার সঙ্গে আলোচনায় আমাদের দেশের সংস্কৃতির কথা তুলে ধরা হয়েছে। সেইসঙ্গে বলা হয়েছে জাতি বিদ্বেষের কারণে কিভাবে বারবার হামলা হয়েছে আমেরিকায়।

