সোমনাথ বরাট, আমাদের ভারত, বা়কুড়াঁ, ১০ মে: বাঁকুড়া জেলার প্রতিটি পঞ্চায়েত এলাকায় অমৃত সরোবর নির্মাণের আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুভাষ সরকার। এই মর্মে তিনি জেলা শাসক’কে পত্রও দিয়েছেন। আজ এক সাংবাদিক সম্মেলনে এ প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় সরকার সারা দেশের প্রতিটি জেলায় অমৃত সরোবর নির্মাণের পরিকল্পনা গ্ৰহণ করেছেন। আসন্ন ১৫ আগস্টের মধ্যেই এই পরিকল্পনা রূপায়িত করতে হবে।
এই পরিকল্পনার সূত্রে ডাঃ সরকার বলেন, জেলার প্রতিটি পঞ্চায়েত এলাকায় এরূপ উদ্যোগ গ্রহণ করলে এর সুফল সংশ্লিষ্ট এলাকার মানুষ ভোগ করবেন। কমপক্ষে দেড় একর জমিতে এই পুষ্করিনী খনন করা হবে, এই জমির মাটি বিক্রি করে এই খাতে ব্যয় করা হবে, এছাড়াও সাংসদ উন্নয়ন তহবিল ও বিধায়ক তহবিলের টাকা এই খাতে ব্যয় করা হবে।এবিষয়ে প্রত্যেক দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

