অক্সিজেন সরবরাহ নিয়ে রাজ্যগুলিকে নতুন নির্দেশিকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

রাজেন রায়, কলকাতা, ২২ এপ্রিল: বাচ্চার অন্যতম রসদ অক্সিজেনকে আক্রান্ত রোগীর শরীর থেকে একটু একটু করে কেড়ে নিচ্ছে মহামারী করোনা। শ্বাসকষ্টে ছটফট করছেন করোনা রোগী। এই পরিস্থিতিতে যাতে কোনও ভাবেই অক্সিজেন সরবরাহে ঘাটতি না হয় তার জন্য নয়া গাইডলাইন প্রকাশ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

কেন্দ্রের তরফে নতুন গাইডলাইন জারি করে বলা হয়েছে, মেডিকেল অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে যাতে কোথাও বাধা না হয় সেই দিকে সমস্ত জেলাশাসক এবং পুলিশ সুপারদের নজর দিতে হবে। মেডিকেল অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে কোথাও সমস্যা তৈরি হলে তার দায় বর্তাবে জেলাশাসক ও পুলিশ সুপারদের উপরে। স্পষ্ট জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সমস্ত রাজ্যের মুখ্যসচিবদের চিঠি দিয়ে এই গাইডলাইন জারি করেছে কেন্দ্র। একই সঙ্গে জানানো হয়েছে, সঙ্কটজনক অবস্থায় মেডিক্যাল অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে কোনও ধরনের বিধিনিষেধ থাকবে না। প্রতিটি কোভিড হাসপাতালে কত অক্সিজেন লাগতে পারে তার রূপরেখা তৈরি করা হবে। একই সঙ্গে ন্যাশনাল হেলথ পোর্টালে চাহিদা-জোগানের তথ্যপঞ্জি তৈরি করে প্রতি সপ্তাহে মেডিক্যাল অক্সিজেনের পরিস্থিতি সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়া হবে।

এই পরিস্থিতিতে রাজ্য জুড়ে মেডিক্যাল অক্সিজেনের সরবরাহ যাতে নিরন্তর থাকে তা নিশ্চিত করতে পদক্ষেপ করেছে রাজ্য সরকারও। নতুন করে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে। পাঁচ সদস্যের এই কন্ট্রোল রুম গঠন করা হয়েছে। রাজ্যে প্রতিদিন কত মেট্রিক টন অক্সিজেন উৎপাদন হচ্ছে তার হিসেব রাখার পাশাপাশি চাহিদা, জোগান এবং ঘাটতিরও হিসেব রাখা হবে। একই সঙ্গে আগামী সময়ে রাজ্যে কত পরিমাণ অক্সিজেন প্রয়োজন পড়বে সে দিকেও নজর রাখা হবে এই কন্ট্রোল রুমের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *