আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৩ আগস্ট: মেদিনীপুর সেন্ট্রাল জেল থেকে তমলুক আদালতে কেস থাকায় অভিযুক্তদের নিয়ে আসা হচ্ছিল পুলিশ ভ্যানে করে। আসার পথে তমলুক শহরের আদালত চত্বরে ঢোকার আগে জেলখানা মোড়ে পুলিশ ভ্যানের জানালা ভেঙ্গে দুই অভিযুক্ত পলাতক। তমলুক সহ সারা জেলাজুড়ে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। তমলুক থানায় অভিযুক্তদের বিরুদ্ধে নতুন করে অভিযোগ দায়ের করা হয়েছে।

মাদক চোরাচালানের কাজে যুক্ত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে হলদিয়া থানার পুলিশ। দুই অভিযুক্ত অনিমেষ বেরা ওরফে রাজা ও বিশাল দাস নামে হলদিয়ার দুই অভিযুক্ত মেদিনীপুর সেন্ট্রাল জেলে ছিল। সেখান থেকে আজ কেসের দিন থাকায় নিয়ে আসা হচ্ছিল তমলুক আদালতে। পুলিশ ভ্যানের জানালা ভেঙ্গে তমলুকে আসার পথে রাস্তায় তমলুক শহরের কোর্ট চত্বরের কাছে জেলখানা মোড়ে পুলিশ ভ্যানের জানালার রড বাঁকিয়ে পালিয়ে যায় দুই অভিযুক্ত। পলাতকদের খোঁজে তল্লাশি চলছে জেলা শহর সহ সারা জেলাজুড়ে। তমলুক শহরের জেলখানা মোড়ে থাকা সিসিটিভির ছবিও দেখা হচ্ছে তদন্তের স্বার্থে।
তমলুক মহাকুমা পুলিশ আধিকারিক অতীশ বিশ্বাস ঘটনার তদন্তে নেমে এলাকায় আসেন এবং কোর্ট চত্বরসহ জেলখানা মোড়ের বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেন এবং ট্রাফিকের কাজে কর্তব্যরত সিভিক পুলিশদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, জেলা জুড়ে নাকা চেকিং চলছে এবং তল্লাশি চলছে এই দুই পলাতক অভিযুক্তের সন্ধানে। ধরা পড়লে আবার কোর্টে তোলা হবে তাদের।

