সবংয়ে পৃথক দুটি ঘটনায় জোড়া মৃত্যু

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ জুলাই: মঙ্গলবার দুপুরে অসুস্থ স্বামীকে হাসপাতালে দেখতে যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বছর পঞ্চান্নর গৃহবধূ তপতী বর্মনের। তার বাড়ি বিষ্ণুপুর এলাকার পূর্ববাঁধ গ্রামে। তপতী দেবীর স্বামী সুদর্শন বর্মন পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের মাংলামাড়ো গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে ছেলের সঙ্গে বাইকে করে হাসপাতলে যাওয়ার সময় লাঙ্গলকাটা এলাকায় বেহাল রাস্তার গর্তে পড়ে যায় বাইকটি। বাইক থেকে ছিটকে পড়েন তপতী দেবী। এই সময় পিছন দিক থেকে আসা একটি ইঞ্জিন ট্রলি তাকে পিষে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিনই সবং থানার বলপাই গ্রামে মোবাইল কেনা নিয়ে পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী হয়েছে দ্বাদশ শ্রেণির এক ছাত্রী। তার নাম মমতা মালাকার। স্থানীয় বলপাই উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল সে। মোবাইল কেনা নিয়ে দাদুর সঙ্গে বচসার জেরে বিকেল সাড়ে চারটে নাগাদ ঘরের চিলেকোঠায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ছাত্রীটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *